২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ঐক্যজোট নেতা লতিফ নেজামী আর নেই

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2020, 10:37 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

সোমবার সন্ধ্যায় ঢাকার বাসায়ই তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে রাশেদুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইফতারের আগে বাবা নামাজের জন্য অজু করতে বাথরুমে ঢুকলে সেখানেই তার স্ট্রোক হয়।”

ছেলে জানান, লতিফ নেজামীর লাশ রাতেই জন্মস্থান নরসিংদীর শিবপুরে নিয়ে যাওয়া হবে।

সেখানে ইটাখোলা গ্রামে মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

লতিফ নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকায় লতিফ নেজামী প্রবন্ধ লেখতেন। ‘দৈনিক সরকার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন তিনি।

লতিফ নেজামী বাংলাদেশ নেজাম-ই ইসলাম দলের সভাপতিও ছিলেন।

১৯৯৯ সালে অষ্টম সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে যে চারদলীয় জোট গঠন করা হয়েছিল, সেই জোটে মুফতি ফজলুল হক আমিনী ও আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে শরিক হয়েছিল ইসলামী ঐক্যজোট।

চারদলীয় জোট ২০১২ সালে সম্প্রসারণ করে ২০ দল করা হলেও সেই জোটে ইসলামী ঐক্যজোট ছিল।

২০১৬ সালের ৭ জানুয়ারি ২০ দলীয় জোটে মতভিন্নতায় নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটা অংশ জোট থেকে বেরিয়ে আসে। তখন মাওলানা এমএ রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি অংশ ২০ দলে থেকে যায়।

পুরনো খবর:

আমিনীর পদে লতিফ নেজামী
২০ দলীয় জোট ছাড়ল ইসলামী ঐক্যজোট