আমিনীর পদে লতিফ নেজামী
মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুতে শূন্য চেয়ারম্যানের পদে মহাসচিব আবদুল লতিফ নেজামীকে নির্বাচিত করেছে ইসলামী ঐক্যজোট।
বুধবার লালবাগ মাদ্রাসা মিলনায়তনে জোটের জাতীয় সম্মেলনে মজলিশে শূরার সদস্যদের ভোটে আগামী তিন বছরের জন্য নেজামীকে চেয়ারম্যান করা হয়।
নির্বাচনে ৫১ সদস্যের নতুন নির্বাহী কমিটির গঠন করা হয়। দলের নতুন মহাসচিব হয়েছেন আগের যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়েজুল্লাহ।
গত ১২ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী মারা যান।
জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুর রকীব সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে ৩৬ সদস্যের মজলিসে শূরা গঠন করা হয়।
সম্মেলনে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
