২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা ফখরুল তো চিকিৎসক নন: কাদের

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার দাবি নাকচ করে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো চিকিৎসক নন যে তার কথা মতো ব্যবস্থা নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 09:40 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের প্রস্তুতির ঘাটতির যে অভিযোগ মির্জা ফখরুল করেছেন তারও সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের।

দুর্নীতির মামলায় দণ্ড দিয়ে দুই বছরের বেশি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছে। ওই আবেদন গৃহীত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

মঙ্গলবারই এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অন্তত সুচিকিৎসার জন্য হলেও অতি দ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির জন্য আমরা দাবি জানাচ্ছি। ইতোমধ্যে তার পরিবারের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য দেশনেত্রীর মুক্তির আবেদন করা হয়েছে।

“দেশবাসী আশা করে, তাদের সেই আবেদন গৃহীত হবে এবং দেশনেত্রীর মতো একজন বিশিষ্ট নাগরিক বিনা চিকিৎসায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন।”

বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুলের এই আশাবাদের বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হয়।

জবাবে তিনি বলেন, “বিএনপি নেতারা রাজনৈতিক নেতা, তারা চিকিৎসক নন। মির্জা ফখরুল একজন চিকিৎসক নন যে, তার কথামতো খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।”

ওবায়দুল কাদের বলেন, “বেগম জিয়ার জন্য চিকিৎসক বোর্ড আছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আদালত তার জামিন আবেদন নাকোচ করেছেন। এখন যেখানে আদালত নাকচ করেছেন কাজেই মানবিক কারণে মুক্তি দিতে হবে সেটা তো ফখরুল সাহেব (বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বললে তো হবে না।”  

খা‌লেদা জিয়ার  চি‌কিৎসার বিষ‌য়ে চি‌কিৎসক বো‌র্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হ‌বে জা‌নি‌য়ে তিনি ব‌লেন, “কা‌রও কথা‌তে তার মু‌ক্তি বা চি‌কিৎসা প্রক্রিয়া প‌রিবর্তন হ‌বে না।”

করোনাভাইরাস নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “মির্জা ফখরুল বলুন কার্যকর ব্যবস্থা না নেওয়ার কোন মানুষ আক্রান্ত হয়েছে এবং কোন মানুষকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে? তাহলে এ ধরনের একটা অসত্য কথা... আসলে তারা জনস্বাস্থ্যের মানবিক বিষয়টি দেখছে না। তারা তাদের সবকিছুতে রাজনীতির ইস্যু খুঁজছে।”

‘খালেদা জিয়াকে জেলে রেখে মুজিববর্ষের অনুষ্ঠান সফল হবে না’ বলে বিএনপি নেতাদের বক্তব্যকে ‘বালকসুলভ’ আখ্যায়িত করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “যিনি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার জন্য একটা দেশের জাতির প্রধান নেতা অবিসংবাদিত রাষ্ট্রনায়কের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন সফল হবে না- এটা বালকসুলভ কথা।”

মুজিববর্ষের কর্মসূচিতে পরিবর্তন

করোনাভাইরাসের প্রভাবে মুজিববর্ষে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ১৭ মার্চ সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক-শুভ্যানুধায়ী সকলে বিশেষ করে জেলা, মহানগর, উপজেলা পর্যন্ত যেসব কমিটিগুলো আছে, তারা অনুরূপ কর্মসূচি পালন করবেন। সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা প্যাগোডাসহ সকল ধর্মীয় উপসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।”

এছাড়া সারা দেশে এতিম ও দুঃস্থদের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করা হবে। সারা দেশে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও আলোকসজ্জা করা হবে বলেও জানান কাদের।

তিনি জানান, ১৭ মার্চ সন্ধ্যা ৬টার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠান সম্প্রচার হবে। এই কর্মসূচি একযোগে সব গণমাধ্যম প্রচার করবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাত ৮টায় সারা দেশে একযোগে আতশবাজির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া মুজিববর্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের তালিকা করে তাদের জন্য গৃহনির্মাণের কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়ন করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করবেন বলে জানান ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, “আমরা বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা অর্জন করে দ্রুত সময়ের মধ্যে এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠব এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান মুজিববর্ষ মহাআয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করতে সক্ষম হব।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।