একাদশ সংসদ নির্বাচনের বার্ষিকীতে কালো পতাকা মিছিল করবে বাম জোট
এক বছর আগে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘অনিয়ম’ স্মরণ করিয়ে দিতে আগামী ৩০ ডিসেম্বর কালো পতাকা মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট।
সোমবার জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই জেলায় জেলায় কালো পতাকা হাতে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাওয়া হবে। ঢাকায় সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব থেকে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু হবে।
গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছিল বাম গণতান্ত্রিক জোট। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টও ওই নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলেছিল।
তবে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দলগুলোর অভিযোগ নাকচ করে আসছে।
বাম জোটের বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত বছরের ৩০ ডিসেম্বর এক নজিরবিহীন ভোট ডাকাতি-ভোট জালিয়াতির মধ্য দিয়ে গঠিত সংসদ ও সরকার এক বছর পার করেছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সরকার ৩০ ডিসেম্বর ভোট ২৯ ডিসেম্বর রাতে ব্যালট পেপারে সিল মেরে ভোট জালিয়াতির এক চরম কলঙ্কজনক নজির স্থাপন করে পুনরায় ক্ষমতাসীন হয়েছে। ভোটের নামে এসব ছিল এক ধরনের ‘নির্বাচনী ক্যু’।
“এ নির্বাচন জনগণ মেনে নেয়নি। সরকার ভীতিকর পরিবেশ তৈরি করে জবরদস্তিমূলকভাবে ক্ষমতাসীন রয়েছে।”
বাম জোটের এক বৈঠকে ৩০ ডিসেম্বরের কর্মসূচি ঠিক করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন।
সভায় সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন,বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউসিএলবির সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ফখরুদ্দীন কবীর আতিক, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
