২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্বিতীয় জীবনের’ ওবায়দুল কাদের দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক

বহু জল্পনা-কল্পনা চললেও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের উপরই আস্থা রেখেছেন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিলররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 05:08 PM

Updated : 10 Oct 2022, 09:48 PM

শনিবার একবিংশতম কাউন্সিলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে দ্বিতীয়বারের মত সভাপতি শেখ হাসিনার সঙ্গী করেছেন তারা।

২০১৬ সালে দলের ২৩ অক্টোবর দলের বিংশতম কাউন্সিলে সৈয়দ আশরাফুল ইসলামের জায়গায় আসেন ওবায়দুল কাদের।

সভাপতি পদে পরিবর্তনের কোনো সম্ভাবনা না থাকায় এবারও কাউন্সিল ঘিরে সবার আগ্রহ ছিল সাধারণ সম্পাদক পদ নিয়ে।

গুরুতর অসুস্থতায় মৃত্যুর খুব কাছ থেকে ফেরা ওবায়দুল কাদের আর ওই পদে থাকছেন কি না সেই প্রশ্ন ধরে গুঞ্জন চলছিল কাউন্সিলের তারিখ ঘোষণার সময় থেকেই।

হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়লে গত মার্চে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান কাদের। সেখানে চিকিৎসা শেষে মে মাসে দেশে ফিরে পুনরায় কাজে যোগ দেন তিনি।

অসুস্থতার পর কাজ চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে কি না- কিছুদিন আগে সাংবাদিকদের এ প্রশ্নে ৬৭ বছর বয়সী কাদের বলেছিলেন, “মন্ত্রণালয়ের কাজগুলো একটি ট্র্যাকে চলে এসেছে। দলেও একটা সিস্টেম গ্রো করেছে। বিভাগীয় দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন। কোনো অসুবিধা তো হয়নি।

“দায়িত্ব পালনে আমি খুব কোনো চাপের মুখে নেই, কোনো অসুবিধাও ফিল করছি না। অসুস্থতা হয়ে গেছে, এটার উপর তো আমার হাত নেই। আল্লাহর রহমতে এখন শারীরিকভাবে সুস্থবোধ করছি। তা না হলে এত প্রোগ্রাম কীভাবে করছি?”

মুক্তিযুদ্ধের সময়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুজিব ফোর্সের কমাণ্ডারের দায়িত্বে ছিলেন কাদের। ছয় দফা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও ভূমিকা ছিল তার।

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিরূপ সময়ে দুই দফায় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকারী ওবায়দুল কাদের এক সময় দৈনিক বাংলার বাণীতে কাজ করতেন।

২০০০ সালে সংস্কৃতি ও শিক্ষা সম্পাদক পদের মধ্য দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পান তখনকার যুব, ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কাদের।

২০০৯ সালে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ার আগে তিনি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও ছিলেন।

২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার থাকাকালে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দলের নেতৃবৃন্দ নিয়ে মন্তব্যের কারণে সমালোচিত হন ওবায়দুল কাদের।

এর আগে আওয়ামী লীগ শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন সে সময় দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৫২ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া কাদের।

শেখ হাসিনার তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর ২০১৩ সালে ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তার সময়ে মন্ত্রণালয়ের নাম পরিবর্তিত হয় ’সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়’ নামে।

২০১৯ সালে আওয়ামী লীগের চতুর্থ মেয়াদের সরকারেও ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দ্বিতীয়বারের মত কাদেরকে দেন শেখ হাসিনা।

শনিবার দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের পদে আসার পর এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “আমাদের এখনও অনেক কাজ বাকি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা গণতান্ত্রিক দল। সাধারণ সম্পাদক পদে আসার মতো যোগ্যতা আমার নেই। আমি অসুস্থতা থেকে আপনাদের মাঝে ফিরে এসেছি। মমতাময়ী মায়ের মতো তিনি (শেখ হাসিনা) আমার পাশে দাঁড়িয়েছেন। কলিগরাও অনেক কষ্ট করেছেন।’