২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের বাবাকে নিয়ে নৌ প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ বিএনপির

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবাকে নিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 09:01 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিবাদ জানান।

তিনি বলেন, “একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে এপ্রিল মাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারতের পশ্চিম দিনাজপুরের ইসলামপুর অবস্থান করেন। তার পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে কাজ করা বা রাজাকারের তালিকায় নাম লেখানোর কোনো সুযোগই ছিল না। সেই কারণে তার নাম কোনো তালিকাতেই নেই।”

বাবা ‘রাজাকার’ বলে তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ফখরুল: খালিদ  

রিজভী বলেন, “নৌ পরিবহন প্রতিমন্ত্রী, যার ওই সময় বয়স ছিল এক বছর, তিনি মির্জা রুহুল আমিনকে নিয়ে যে বক্তব্য রেখেছেন তা দুরভিসন্ধিমূলক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই নৌ পরিবহন প্রতিমন্ত্রী এই ধরনের মিথ্যা তথ্য দিয়েছেন, যার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই।”

Image
খালিদ মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

খালিদ মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

বুধবার দিনাজপুরে এক সভায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ক্যুখাত রাজাকার ছিলেন বলেই রাজাকারদের তালিকা প্রকাশ করে বিএনপিকে হেনস্তার কথা বলছেন তিনি।”

তার ওই বক্তব্যকে ‘প্রতিহিংসামূলক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ মন্তব্য করে বিবৃতিতে রিজভী বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁওয়ের একজন সৎ ত্যাগী অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাকে নিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক প্রতিহিংসামূলক, রাজনৈতিক শিষ্টাচারবর্হিভূত। আমরা তার এহেন বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। তার আত্মীয়-স্বজনরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার চাচা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এস আর মির্জা প্রবাসী সরকারের মুক্তিযোদ্ধা রিক্রুটমেন্ট বিভাগের পরিচালক ছিলেন। আরেক চাচা বাবলু মির্জা এবং তার ভগ্নিপতি ড. আবুল কালাম প্রখ্যাত মুক্তিযোদ্ধা ছিলেন।

“মির্জা ফখরুল ইসলামের বড় মামা আবু জাহেদ ইবনে ইউসুফ দিনাজপুর জেলা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের শীর্ষস্থানীয় নেতা ছিলেন।”