২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবেদিতপ্রাণ রিজভী হাওলাদারের প্রতি বিএনপির শ্রদ্ধা

নিবেদিতপ্রাণ কর্মী রিজভী হাওলাদারের প্রতি শেষ শ্রদ্ধা জানালো বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 08:51 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

শনিবার রাত সাড়ে ১০টায় বিএনপি অফিসের নিচে অসুস্থ হয়ে মারা যান রিজভী, যিনি দলের নেতাকর্মীদের কাছে ‘পাগলা রিজভী’ নামেই পরিচিত ছিলেন।

রাতে কার্যালয়ের সামনেই তার জানাজা হয়। তার মরদেহ সড়ক পথে পটুয়াখালীর বাড়িতে নিয়ে যাওয়ার পর রোববার সেখানে দাফন করা হয়।

রোববার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে রিজভী হাওলাদারের মৃত্যু সংবাদ তুলে ধরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অত্যন্ত নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন তিনি, এই অফিসে সারাক্ষণ থাকতেন। দেশনেত্রীর মুক্তি চাইতেন, গণতন্ত্রের মুক্তি চাইতেন।”

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অফিসের নিচতলায় তিনি অনশনও করেছেন জানিয়ে ফখরুল বলেন, “আমাদের সেই রিজভী হাওলাদার ভাই গতকাল ইন্তেকাল করেছেন।

গত বছর ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর রিজভী হাওলাদার কাফনের কাপড় পড়ে বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিতেন, তাদের নেত্রীর মুক্তির দাবি জানাতেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই দেখা মিলত পাতলা গড়নের নিবেদিতপ্রাণ এই কর্মীর।

সে কথা স্মরণ করে দলের মহাসচিব ফখরুল বলেন, “প্রত্যেকদিন আমরা তাকে দেখেছি বুকের মধ্যে একটি প্ল্যাকার্ড লাগিয়ে আছেন- ‘গণতন্ত্রের মায়ের মুক্তি চাই’। এই মানুষটির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহর কাছে এই দোয়া করছি- তিনি যেন তাকে বেহেশতবাসী করেন।”