২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাজানো মামলায়’ গিয়াস কাদেরকে সাজা: রিজভী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাজার রায় বাতিলের দাবি করেছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 04:07 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে গতকাল সাজানো মিথ্যা মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

“শুধুমাত্র রাজনৈতিক কারণেই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে সাজা দেওয়া হয়েছে। বিচারকের এই রায় পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।”

চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আ স ম শহিদুল্লাহ কায়সার বুধবার গিয়াস কাদের চৌধুরীকে তার অনুপস্থিতিতে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

যুদ্ধাপরাধে মৃতুদণ্ড কার্য্কর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াস কাদের চৌধুরী এই মামলায় জামিন নিয়ে পলাতক আছেন।

রিজভী বলেন, “জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত মাসের শেষ সপ্তাহে চার্জ গঠনের জন্য মামলাটির তারিখ নির্ধারিত ছিল। ওই তারিখে গিয়াস কাদের চৌধুরী সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় সময়ের আবেদন করা হয়। চার্জ গঠনের জন্য প্রথম তারিখেই সময়ের আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট দেওয়া হয় এবং মামলায় চার্জ গঠন করে সাক্ষগ্রহণের তারিখ ধার্য রাখা হয়।

“গত পরশুদিন ছিল সাক্ষ্যর প্রথম তারিখ। ওইদিনই আদালতে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত পরশু মাত্র ২০ মিনিটে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পরদিনই ৩০ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য রাখা হয়। এটা একটি নজীরবিহীন ঘটনা। বিচারক শুধুমাত্র সাজা দেওয়ার জন্য অধিক উৎসাহিত হয়ে দ্রুত বিচারকার্য শেষ করেছেন।”

তিনি বলেন, “মিথ্যা ও সাজানো মামলায় আদালতকে ব্যবহার করে সাজা দেওয়ায় আবারো প্রমাণিত হল-দেশে নাৎসীবাদ এখন নগ্নরূপে আত্মপ্রকাশ করেছে। এ রায় একদলীয় নব্য বাকশালেরই বহিঃপ্রকাশ।

“আমি এ রায়ের তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে ফরমায়েশি এই কারাদণ্ডাদেশ বাতিলের দাবি করছি।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে আবারো তার অবিলম্বে মুক্তির দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।