ছাত্রদলের কমিটিতে পদ পেতে অনশনে বিবাহিতরা
ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে ‘আমরণ অনশনে’ বসেছেন বিবাহিত হওয়ার কারণে সংগঠনের কাউন্সিলে প্রার্থী হওয়ার সুযোগ বঞ্চিতরা।
বিএনপির সহযোগী সংগঠনটির বিগত কমিটির ২০-৩০ জন নেতা সকাল থেকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে মাদুর বিছিয়ে বসে আছেন।
তাদের ব্যানারে নিজেদের দাবি-দাওয়ার পাশাপাশি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও লেখা রয়েছে।
“আমাদের দাবি না মেনে যদি কমিটি গঠন করা হয়, তা আমরা মেনে নেব না।”
গত ৩ জুন রাজিব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বাধীন ছাত্রদলের কমিটি ভেঙে দিয়ে নতুন কাউন্সিলের তারিখ ঘোষণার সঙ্গে নতুন বিধি হিসেবে বিবাহিত এবং ২০০০ সালের আগে এইচএসসি পাস করাদের প্রার্থী হওয়ার সুযোগ না থাকার কথা জানানো হয়। এতে ছাত্রদলের অনেক পরিচিত মুখ বাদ পড়ে যান।
গত ১৯ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলে ফজলুল রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারাই এখন ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন।
অনশনে ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে বাবুল আখতার শান্ত, কামাল আহমেদ, সানোয়ার আলম, মাইনুল ইসলাম, মাহমুদুল আলম শাহিন, শিহাবুর রহমান, বেলাল হোসেন, মাহফজুল ইসলামসহ অনেকের নাম মাইকে ঘোষণা করা হয়।
অনশনকারীদের পক্ষ থেকে বলা হয়, দাবি নিয়ে ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে তাদের, সংগঠনের বর্তমান নেতারা এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।
তাদের অনশন চলার মধ্যেই নয়া পল্টনের ওই কার্যালয়ের তৃতীয় তলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের যৌথসভা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন কার্যালয়ে। বেলা দেড়টার দিকে মহাসচিব অনশনকারীদের দিকে হাত তুললেও কিছু না বলেই গাড়িতে উঠে চলে যান।
