খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত: হাছান
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত সরকারের নয়, আদালত নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
খালেদা জিয়ার স্বজনরা হাসপাতালে দেখা করে এসে দু’সপ্তাহ ধরে কোন চিকিৎসক খালেদা জিয়াকে দেখতে যাননি বলে যে অভিযোগ তুলেছেন, তাও সঠিক নয় বলেছেন তিনি।
শনিবার নগরীর দেওয়ানজী পুকুর পাড়ে নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শুক্রবার বিএসএমএমইউ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে আসেন তার কয়েকজন স্বজন। সেখান থেকে ফিরে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা ‘খুই খারাপ’।
জামিন হলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কথাও বলেন তিনি।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেতা রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন। আসলে বিএনপি নেতাদের বক্তব্য ও খালেদা জিয়ার বোনসহ আত্মীয় স্বজনরা দেখা করে এসে যা বলেছেন তাদের বক্তব্যর মধ্যে পুরোপুরি মিল, কোনো ব্যতিক্রম নেই।
“এসব বলে তারা খালেদা জিয়ার জন্য সহানুভুতি আদায়ের চেষ্টা করছেন। এটি করতে গিয়ে বিএনপি নেতারা বরং বেগম জিয়াকে অসম্মানিত করছেন।”
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, “খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে প্রথমত জামিন পেতে হবে। জামিন পাওয়ার পর আবার আদালতের অনুমতি লাগবে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারবে কিনা। সেটা আদালতের ব্যাপার।
“তিনি জামিন পাবেন কি পাবেন না সেটা সরকারের বিষয় নয় আদালতের ব্যাপার। আদালত যদি তাকে জামিন দেন এবং বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দেন তাহলেই বিদেশে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গটি আসে।”
তথ্যমন্ত্রী বলেন, “আমি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন বেগম খালেদা জিয়া নিয়মিত ডিউটি ডাক্তারের চেকআপের মধ্যে রয়েছেন। এছাড়াও সিনিয়র ডাক্তাররা তাকে এক-দু’দিন পরপর দেখতে যান এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেন।”
তিনি বলেন, “খালেদা জিয়ার আর্থ্রাইটিসের সমস্যা দীর্ঘদিনের পুরনো সমস্যা। এগুলো নতুন সমস্যা নয়। এ সমস্যা নিয়েই তিনি দুইবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো একটি বড় দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন।
“মানুষের বয়স বাড়লে আর্থ্রাইটিসের মতো নানা সমস্যা হয়। তার নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি। আত্মীয়-স্বজনরা দেখা করে এসে যে কথাগুলো বলেছেন সেসব নতুন কোনো সমস্যা নয়, পুরনো সমস্যা। তারা যেসব কথা বলেছেন তা সঠিকও নয়।”
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসম্পন্ন চিকিৎসা হয় উল্লেখ হাছান মাহমুদ বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তখন সেখানেই চিকিৎসা নিয়েছেন। সিঙ্গাপুর ও ভারতের দেবী শেঠিসহ বিখ্যাত ডাক্তাররা এসেছিলেন, তারা বলেছিলেন ভারত ও সিঙ্গাপুরে নিয়ে গেলে তাকে যে চিকিৎসা দেওয়া হত, বঙ্গবন্ধু মেডিকেলে সেই চিকিৎসাই দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকার অত্যন্ত আন্তরিক জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “দেশে আরও অনেক হাসপাতাল ছিল, তিনি যাতে ভালো চিকিৎসা পান সেজন্যই দেশের সেরা হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেলে রাখা হয়েছে তাকে।”
