২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর দেরি করাটা ভুল হবে: জামায়াত নিয়ে ফখরুলকে জাফরুল্লাহ

২০ দলীয় জোটের জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে ১৯ দলকে জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 01:41 AM

Updated : 08 Apr 2022, 04:39 PM

প্রয়াত নেতা কাজী জাফর আহমদ স্মরণে শনিবার বিকালে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য জাফরুল্লাহ এই আহ্বান জানান।

তিনি বলেন, “আজকে আমাদের কঠিন সময়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমাদেরকে ১৯ দল ও জাতীয় ঐক্যফ্রন্টকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।

“আজকে বিএনপির সময় এসেছে জামায়াত সম্পর্কে একটা সিদ্ধান্ত দেওয়ার। আর দেরি করাটা ভুল কাজ হবে- এটা জামায়াতের জন্য ক্ষতিকর, দেশের রাজনীতির জন্য ক্ষতিকর।”

এই বিষয়টি যত বিলম্ব করা হবে তাতে সরকারই সুবিধা নেবে মন্তব্য করে বিএনপি সমর্থক এই পেশাজীবী নেতা বলেন, “এতে একমাত্র সুবিধাভোগী বর্তমান সরকার। এই জাতীয় জিনিসগুলো যতদিন টিকে থাকবে ততদিন রাজনীতিতে গতিশীলতা আসবে না।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরামর্শ দিয়ে গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফরুল্লাহ বলেন, “তাকেও (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আজকে জিয়াউর রহমানের আদলে বলতে হবে- আই টেইক কমান্ড। আপনি আপনার কর্মীদের বলেন, তোমাদের সাথে নিয়ে তোমাদের সাথে পরামর্শ করেই- আই টেইক কমান্ড। সময় এসেছে তার এ রকম পরিষ্কার বক্তব্য রাখার। মির্জা ফখরুলকে পরিষ্কারভাবে বলতে দিতে হবে, ছাত্র দলে ২৫ বছরের ঊর্ধ্বে কোনো নেতা থাকবে না।

“ছাত্র দলের তার প্রেমিক থাকতে পারে, স্ত্রী থাকলে তাকে ছাত্র দলের দায়িত্ব দেওয়া চলবে না।”

জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

জাফরুল্লাহ চৌধুরীর এই বক্তব্যের আগে মির্জা ফখরুল বলেন, “আমরা আমাদের জনগণের রাজনীতিকে যদি সঠিক পথে নিতে পারি, যদি নিয়ে যেতে সক্ষম হই, আমরা যদি আরও বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে পারি, আজকে শুধু জাতীয় পার্টি নয়, অন্যান্য সমস্ত দেশপ্রেমিক দলগুলোকে যদি এক করতে পারি তাহলে অবশ্যই বিজয় আমাদের আসবেই আসবে।”

আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, মুক্তিযোদ্ধা সংসদের নঈম জাহাঙ্গীর, বিএনপির শামসুজ্জামান দুদু, জহির উদ্দিন স্বপন, পিপলস পার্টির রিটা রহমান, ভাসানী অনুসারী পরিষদের সুলতান আলম মল্লিক, শেখ রফিকুল ইসলাম বাবুল, শেখ মুজিবুর রহমান, ন্যাপ ভাসানীর মোস্তফা আখন প্রমুখ বক্তব্য রাখেন।