২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের চেহলাম দেশজুড়ে

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর এক মাস এক সপ্তাহ পর সারা দেশব্যাপী তার চেহলাম অনুষ্ঠানের আয়োজন করেছে তার দল জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 09:40 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

আগামী ৩১ অগাস্ট শনিবার সকাল ৯টা থেকে সারা দেশব্যাপী একযোগে চেহলাম অনুষ্ঠান শুরু হবে বলে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

গত ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

গত ২৩ অগাস্ট এই চেহলামের আয়োজন করলেও পরে জন্মাষ্টমীতে সরকারি ছুটি থাকায় আয়োজনটি এক সপ্তাহ পিছিয়ে দেয় জাতীয় পার্টি ।

রাজ্জাক খান জানান, চেহলামের কেন্দ্রীয় অনুষ্ঠানটি হবে এরশাদের রংপুরের বাড়িতে। ওই আয়োজনে দোয়া অনুষ্ঠানের পর প্রায় ৩০ হাজার দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করবেন দলের নেতারা।

ঢাকা মহানগরীতে সকাল ৯টা থেকে শুরু হবে আয়োজন। ঢাকা মহানগরের প্রতিটি থানায় জাতীয় পার্টির শাখাগুলো দোয়া মাহফিলের আয়োজন করবে। পাশাপাশি দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করবে তারা।

এছাড়া দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে জাতীয় পার্টির শাখাগুলোকে দোয়া মাহফিলের আয়োজন করতে নির্দেশনা দিয়েছে জাতীয় পার্টি।

আগামী বৃহস্পতিবার জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা ইসলাম এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন।

যমুনা ফিউচার পার্কে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

পুরনো খবর:

এরশাদ আর নেই