বিচারের নমুনা দেখছি না: সেলিমা রহমান
সুশাসনের ‘অভাবেই’ দেশে ‘গুম-খুন-হত্যার’ ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
তিনি বলেছেন, “একটার পর একটা ঘটনা ঘটছে- সরকার বলছে কাউকে ছাড় দেওয়া হবে না, খুনিদের আইনের আওতায় আনা হবে। কিন্তু পরবর্তীতে আরেক ঘটনায় সেটাকে ঢেকে দেওয়া হয়, সেগুলোর কোনো খবর থাকে না।… গত ১০ বছরে, বিশেষ করে এই এক বছরে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিচারের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না।”
বরগুনায় প্রকাশ্যে রাস্তায় রিফাত শরীফ হত্যার প্রসঙ্গ টেনে শুক্রবার এক আলোচনা সভায় সেলিমা রহমানের এ মন্তব্য আসে।
তিনি বলেন, ‘রিফাত হত্যা- প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাগর-রুনি হত্যার পর সরকার বলেছিল ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরা হবে, দেখা গেলো ৪৮ ঘণ্টা কেন ৪৮ বছরেও হবে কি না আমরা জানি না।
“আমরা দেখেছি তনু হত্যার বিচার হয়নি। আমরা দেখতে পাচ্ছি- কোনো হত্যারই বিচার নাই। আজকে গুম-খুন-হত্যা সমস্ত কিছু বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে।”
এর কারণ কী- সেই প্রশ্ন রেখে সেলিমা রহমান নিজেই উত্তর দেন- “এর কারণ হলো দেশে ন্যায়বিচার নেই, সুশাসন নেই। এর কারণ হলো বিচার ব্যবস্থা বলতে কিছু নাই। এর কারণ হলো আইন বিভাগ সম্পূর্ণভাবে রাষ্ট্রের হাতে বন্দি। এর কারণ হলো পুলিশ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ইচ্ছামতো ক্ষমতার অপব্যবহার করছে।”
গত বুধবার বরগুনায় রিফাতকে স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল যুবক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রিফাতের।
বিএনপি নেতা সেলিমা বলেন, ‘‘আজকের শিক্ষকের হাতে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, শিক্ষকরা ছিল সমাজের সবচেয়ে শ্রদ্ধার পাত্র। সেখানে আজকে শিক্ষকদের আমাদের কিশোরীরা, ছাত্রীরা, নারীরা ভয় পাচ্ছে। … আজকে নুসরাত হত্যা দেখেন, ক্রমশ এটার বিচারটা ম্লান হয়ে আসছে।”
নতুন অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, ‘‘একটা শ্রেণি দেশের অর্থনীতিকে কব্জা করে রেখেছে। যাদের কারণে আজকে বাজেট হয়, যাদের কারণে যেখানে গরীবদের পক্ষে কথা বলার কেউ থাকে না।
‘‘সাধারণ গরীব মানুষের একমাত্র অবলম্বন সঞ্চয়পত্র, তার ওপর কর বসানো হচ্ছে। এই যে বৈষম্য ক্রমশই বাড়ছে, কৃষকরা তাদের উপাদিত পণ্য ন্যায্য মূল্য না পাওয়ার কারণে নিজেরাই পুড়িয়ে দিচ্ছে। সেই কৃষকের জন্য বাজেটে সরকারের কোনো সহমর্মিতা নেই। গরীবরা গরীব হচ্ছে, ধনীরা আরো ধনী হচ্ছে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করতে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান দলের স্থায়ী কমিটির এই নেতা।
জাতীয় প্রেস ক্লাবে ‘প্রতিহিংসার রাজনীতি, ন্যায় বিচার এবং খালেদা জিয়া’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।
সংগঠনের উপদেষ্টা মো. মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম শিরিন, শাহ নেছারুক হক, এইচ এম সাইফ আলী খান, ফরিদউদ্দিন, এম এ হালিম, মোজাম্মেল হক মিন্টু সওদাগর আলোচনায় অংশ নেন।
