২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি: জি এম কাদের

রক্তে হিমোগ্লোবিন ঘাটতিতে ভুগতে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে তার ভাই জি এম কাদের জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 06:27 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাদের শুক্রবার সকালে এক ভিডিওবার্তায় বলেন, “সিএমএইচের চিকিৎসকের সঙ্গে আজকে সকালে আমি কথা বলেছি। উনাদের মূল্যায়নে শতকরা ৪০ ভাগ উন্নতি হয়েছে আমার ভাইয়ের। তারা আশাবাদী, স্বাস্থ্যের উন্নতি ধারাবাহিক থাকলে ‍দ্রুত সেরে উঠবেন।”

৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন। গত ২২ জুন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।

জি এম কাদের বলেন, এরশাদের রক্ত পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় আছেন চিকিৎসকরা। ওই প্রতিবেদন হাতে পেলে তার আরোগ্যের বিষয়ে আরও স্পষ্ট ধারণা দিতে পারবেন তারা।

সাবেক সামরিক শাসক এরশাদ বেশ কিছু দিন ধরেই অসুস্থ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার রক্তে হিমোগ্লোবিন ঘাটতির কথা জানান চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন এরশাদ। তাতেও পুরোপুরি সেরে উঠেননি তিনি।

অসুস্থতার জন্য এরশাদ তার দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও যোগ দিতে পারছেন না। রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে হুইল চেয়ারে করে জাতীয় সংসদে শপথ নিতে গিয়েছিলেন তিনি।

গত ঈদুল ফিতরের আগে গুলশানের ওয়েস্টিন হোটেলে কূটনীতিককদের সম্মানে এক ইফতার মাহফিলে আসেন এরশাদ। এর মধ্যেই ট্রাস্ট গঠন করে তাতে তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি দান করেছেন।

এদিকে উন্নত চিকিৎসার জন্য এরশাদকে ফের দেশের বাইরে নেওয়ার মতো প্রয়োজনীয় অর্থ জাতীয় পার্টির কাছে নেই বলে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ জানিয়েছেন।

পুরনো খবর:

এরশাদের চিকিৎসার অর্থ ‘জোগাড় করতে পারেনি’ জাপা
এরশাদের শারীরিক অবস্থার উন্নতি 
এরশাদের শারীরিক অবস্থার অবনতি: জিএম কাদের