তারেককে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা বিএনপির
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি বলেছে, এই ধরনের ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ বক্তব্য সুস্থ রাজনীতির জন্য ‘কাম্য নয়’।
রোববার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং তার এই মন্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে।
“এটা সুস্থ রাজনীতির জন্য কখনোই কাম্য নয়। আমি এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
একুশে অগাস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবনসহ দুর্নীতির দুই মামলায় দণ্ডিত তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে কি না তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক।
জবাবে শেখ হাসিনা বলেন, “এই নাম নিতেও তো ঘৃণা লাগে। আমাদের অনেকেরই দরদ উথলে ওঠে। কিন্তু আপনারা ভুলে যান কিভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা? আমি বেঁচে গেছি, আইভি রহমানসহ অনেকে মারা গেছেন। কিভাবে তারা ক্ষমতায় থাকতে এতোগুলি মানুষের জীবন নিল!
“একবার না, বার বার এভাবে তারা হামলা চালিয়ে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। হত্যাকারী, এতিমের অর্থ আত্মসাতকারী, দশ ট্রাক অস্ত্র চোরাকারবারি- এদের জন্য অনেকের মায়াকান্না দেখলে এদেশে অপরাধীর বিচার হবে কিভাবে?”
তারেককে ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তারা সেখানে এতবেশি টাকা পয়সা বানিয়ে ফেলেছে যে, সেখানে বিলাসবহুল জীবন যাপন করছে। আর সেখানে গেলেই তো একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে।
“আজ হোক, কাল হোক তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে।”
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “এই ধরনের মন্তব্য থেকে তার (প্রধানমন্ত্রী) বিরত থাকা উচিত।”
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের সফরের পর শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরের অভিজ্ঞতা জানাতে বিকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন তিনি।
