ফুলেল শ্রদ্ধায় সৈয়দ জাফর আহমেদকে বিদায়
রাজনৈতিক সহযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আবু জাফর আহমেদ।
বুধবার সকালে জাফর আহমেদের মরদেহ পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নেওয়া হলে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণি-পেশা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে মারা যান
৬৫ বছর বয়সী এই বামপন্থি রাজনীতিক।
শ্রদ্ধা নিবেদনের পর জাফর আহমেদের মরদেহবাহী গাড়ি তার জন্মভূমি মৌলভীবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। দলের কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে প্রয়াত নেতার অন্তিমযাত্রার সঙ্গী হন। পরে সেখানেই তাকে দাফন করা হয়।
সৈয়দ আবু জাফর আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের সিপিবির কেন্দ্রীয় কমিটি, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণসংহতি আন্দোলন, সমাজতান্ত্রিক আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল (এমএল), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ জাসদ, গণফোরাম, ঐক্য ন্যাপ, ন্যাপ, জাতীয় গণফ্রন্ট, বাম ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্ট শ্রমিক টিইউসি, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, পাহাড়ি ছাত্র পরিষদ, হকার্স ইউনিয়ন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, সাপ্তাহিক একতা, সিপিবি নারী সেল, সিপিবির বিভিন্ন জেলা ও থানা কমিটি, মণি সিংহ ফরহাদ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ অত্যন্ত বিনয়ী ও সজ্জন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। কিন্তু আদর্শ ও নীতির প্রশ্নে ছিলেন কঠোর মনোভাবাপন্ন।”
তিনি বলেন, “বিলোপপন্থিদের পার্টি ধ্বংসের চেষ্টা মোকাবেলা থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি বলয় গড়ে তোলার কাজে সিপিবির শীর্ষ নেতা হিসেবে কমরেড আবু জাফর আমৃত্যু বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং চারিত্রিক দৃঢ়তার কারণে পার্টির নীতি ও আদর্শ এবং রাজনৈতিক লাইন বাস্তবায়নের ক্ষেত্রে তিনি আপসহীন ও ধারাবাহিক ভূমিকা পালনে সক্ষম হয়েছেন। ”
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এবং সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, শহীদুল্লাহ চৌধুরী, রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী জোটের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বাংলদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
মৌলভীবাজারে দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পর এক দশক আগে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাফর আহমেদ। মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক মনুবার্তার সম্পাদক ও প্রকাশকও ছিলেন তিনি।
জাফর আহমেদের জন্ম ১৯৫৪ সালের ১১ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। মৌলভীবাজার সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর তিনি ঢাকা সিটি ল কলেজে ভর্তি হন। পরে তিনি উচ্চতর পড়াশোনার জন্য ১৯৭৯ সালে যান জার্মানিতে।
ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখেন জাফর আহমেদ। মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন তিনি।
ছাত্র আন্দোলনের পর যোগ দেন সিপিবিতে। সিলেটে চা শ্রমিক হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭২ সালে তিনি কারাগারে গিয়েছিলেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করার পর গ্রেপ্তার হয়ে এক বছর কারাগারে থাকতে হয়েছিল তাকে। এরশাদবিরোধী আন্দোলনেও গ্রেপ্তার-নির্যাতনের শিকার হতে হয়েছিল তাকে।
কমিউনিস্ট নেতা জাফর আহমেদ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।
