২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ হলে লক্ষ্যে পৌঁছাবেন না: ফখরুল

বর্তমান পরিস্থিতিতে বিএনপির নেতা-কর্মীদের হতাশ না হয়ে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 08:48 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

বুধবার ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির ইফতার অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

এদিন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছিলেন, “এখন বিএনপির জন্য একটা বিরাট সংকটকাল।”

ফখরুল বলেন, “আমাদের অনেকে আজ হতাশায় ভুগছেন। আমি মনে করি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশা কখনও আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাবে না।

“আমাদের লক্ষ্য একটাই- গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, অগণিত নেতা-কর্মী যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্ত করা এবং এই দুঃশাসনের অবসান ঘটানো।”

কঠিন এই পথ পেরুনোর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সেই লক্ষ্যে পৌঁছাতে হলে বাধা-বিপত্তিকে অতিক্রম করে আমাদেরকে শিরদাঁড়া সোজা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। গত এক দশক ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সচেতনভাবে সুচতুরভাবে পরিকল্পিতভাবে বিরোধী দলকে নিশ্চিহ্ন করবার জন্য এখানে পরিকল্পনা মতো কাজ করেছে।

“আমাদের একটা হিসাবে দেখেছি যে, আমাদের বিরুদ্ধে সারা দেশে মামলার সংখ্যা প্রায় এক লক্ষের উপরে। এই মামলায় আসামির সংখ্যা প্রায় ২৫ লক্ষ। যারাই বিরোধিতা করেছেন, বিরোধী দল করেছেন, তাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।”

একাদশ নির্বাচনের নামে ‘প্রহসন’ করে আওয়ামী লীগ দেশে একটা ‘দখলদারী সরকার’ গঠন করেছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “যারা আজকে পার্লামেন্ট গঠন করেছেন, তারা কেউ নির্বাচিত প্রতিনিধি বলে আমরা মনে করি না। যে কারণে আমরা আমাদের ২০ দলীয় জোটের পক্ষ থেকে, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সম্মিলিত বিরোধী জোটের পক্ষ থেকে এই সরকারকে কখনোই একটা লেজিটিমেট সরকার হিসেবে স্বীকার করিনি, পার্লামেন্ট হিসেবে স্বীকার করিনি। কিন্তু বাস্তবতা হল, এই জগদ্দল পাথর আমাদের বুকের উপর চেপে বসে আছে।”

এই অবস্থা বদলাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

পুরানা পলটনের মুক্তি ভবনে কল্যাণ পার্টির এই ইফতার অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সভাপতিত্ব করেন। ইফতারের আগে দোয়া পরিচালনাও করেন তিনি।

পরে ইবরাহিম বিএনপি মহাসচিবসহ জামায়াতে ইসলামীর আবদুল হালিম, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, বিএনপির তৈমুর আলম খন্দকার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাগপার খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, কল্যাণ পার্টির আজাদ মাহবুব, মো. ইলিয়াস, ফোরকান ইবরাহিম, নুরউদ্দিন, সাহিদুর রহমান তামান্না, মাহমুদ খানকে নিয়ে ইফতার করেন।