২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার স্বাস্থ্য নিয়ে বিএনপি তামাশায়: হাছান মাহমুদ

বিএনপি তাদের দলীয় প্রধান খালেদা জিয়াকে সবার কাছে ‘তামাশার পাত্র’ বানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 10:05 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, “বিএনপিই খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশা করছে।

“বিএনপি সকালে-বিকেলে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের টেম্পারেচার কত হলো, ৯৮ ডিগ্রি নাকি ৯৯ ডিগ্রি, এগুলো বলার মাধ্যমে তাকে তামাশার পাত্র বানিয়েছে।”

‘সরকার খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে নাটক করছে’ বিএনপির এই দাবিকে নাকচ করে তথ্যমন্ত্রী বলেন, “আমি বিএনপি নেতাদের বলবো, আইন-কানুন বিধিগুলোকে একটু ভালোভাবে পড়ুন। 

“কাউকে জোর করে প্যারোল দেওয়া যায় না। যিনি প্যারোল চান, তিনি একমাত্র আবেদন করলে প্যারোল বিবেচনার সু্যোগ থাকে। অন্যথায় কোনো সুযোগ নেই।”

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে হাছান মাহমুদ বলেন, “আমরা ১০ বছর আন্দোলনের হুমকির মধ্যে আছি।  হুমকির মধ্যে থেকেই তিন তিনটি নির্বাচনে জয় লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন।

“বিএনপি আন্দোলনের হুমকি হচ্ছে খাঁচায় আবদ্ধ রোগা সিংহের গর্জনের মতো। যে গর্জনের কোনো কার্যকারিতা নেই। এই গর্জনে দর্শনার্থীরা পুলকিত হয়, আর হাত তালি দেয়। এ ধরনের গর্জন দিয়ে কোনো লাভ হবে না।”

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য রাখেন।