২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোথাও নেই রওশন এরশাদ

নানা নাটকীয়তার মধ্য সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরও যখন জাতীয় পার্টিতে নাটকীয়তার অবসান ঘটেনি, তখন এই নাটকের মঞ্চের কোথাও দেখা যাচ্ছে না রওশন এরশাদকে।

জয়ন্ত সাহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2019, 11:48 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

তিনি কোথায় আছেন, সে বিষয়ে নেতা-কর্মীদের কেউ কিছু বলতে পারছে না। শীর্ষ পর্যায়ের নেতারাও তা এড়িয়ে যাচ্ছেন।   

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের স্ত্রী দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যানের পদের পাশাপাশি সংসদে বিরোধীদলীয় নেতার ভূমিকায়ও রয়েছেন।

একাদশ সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির অবস্থান ঠিক করতে বুধবার দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা বৈঠকে বসলেও তাতে উপস্থিত ছিলেন না রওশন।

এই বৈঠকে ছিলেন এরশাদের ভাই দলের কো-চেয়ারম্যান জি এম কাদের; যাকে একদিন আগেই নিজের উত্তরসূরি মনোনীত করে বিবৃতি পাঠিয়েছেন এরশাদ।

তবে কি ক্ষমতা খর্ব করা হল রওশনের- এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে।

সংসদ নির্বাচনের আগে দলের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আর কোনো অনুষ্ঠান বা সভায় দেখা যায়নি রওশনকে।

এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়া জাতীয় পার্টি যখন আবার মহাজোটের সঙ্গেই গাঁটছাড়া বাঁধে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করতে গণভবনে দেখা গিয়েছিল রওশনকে।

Image
গত ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় রওশন এরশাদ

গত ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় রওশন এরশাদ

এরপর মহাজোটের মনোনয়ন নিয়ে রওশন ময়মনসিংহ-৪ আসনে নির্বাচনে অংশ নেন। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনেও প্রার্থী হয়েছিলেন তিনি। পরে আওয়ামী লীগের প্রার্থী রুহুল আমিন মাদানীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেও মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি পাঠাতে দেরি হয়ে গিয়েছিল তার।

এরপর মহাজোটে আসন ভাগাভাগি, দলে মনোনয়ন বাণিজ্য, মহাসচিব রদবদল, দলের মনোননয়ন চূড়ান্ত করা, ইশতেহার ঘোষণা, এরশাদের সিঙ্গাপুর গমন- কোনো সময়ই প্রকাশ্য হননি রওশনের।

এরপর গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহের রাধাসুন্দরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছিলেন তিনি। তখন সাংবাদিকদের বলেছিলেন, “বিসমিল্লাহ করে ফেলেছি, নিশ্চয়ই আল্লাহ রহম করবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস আহমেদ জানান, নির্বাচনের আগে প্রচারেও খুব বেশি নামেননি লাঙ্গল প্রতীকের প্রার্থী রওশন, অসুস্থতার কথা বলেছিলেন তিনি।

“এমনিতেও তিনি শহরে এলে মিডিয়ার সামনে কম আসেন। ভোটগ্রহণের পরদিন তাকে আর আমরা শহরে দেখতে পাইনি।”

এই সময় জাতীয় পার্টির নেতারা বলছিলেন, রওশন ভোটের প্রচারে ময়মনসিংহে ব্যস্ত আছেন।

কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ যাই বলুক, জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা দলের শীর্ষ নেতৃত্বে বিভেদের কথা বলছেন।

গত মঙ্গলবার জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় দলের ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহমেদ বাবুল দলের ভেতরের কোন্দলের কথা প্রকাশ্যে নিয়ে আসেন।

রওশনের সঙ্গে এরশাদের ভাই কাদেরের বিভেদ বহু পুরনো। ‘রওশনপন্থি’ নেতা হিসেবে পরিচিত সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নিয়ে কটাক্ষ করায় ২০১৪ সালে খোদ এরশাদ তার ভাইকে সতর্ক করেছিলেন।

Image
দলের অনুষ্ঠানে স্বামীর সঙ্গে রওশন এরশাদ

দলের অনুষ্ঠানে স্বামীর সঙ্গে রওশন এরশাদ

সেই বাবলুই দুই বছর পর ২০১৬ সালে রওশনকে জাতীয় পার্টির ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ বলে প্রচার করেন। তখন রওশন ও বাবলুর ঘোষণাকে ‘অবৈধ’ বলেছিলেন এরশাদ। 

সামরিক শাসক এরশাদের স্ত্রী রওশনও তখন ছেড়ে কথা বলেননি। দলে সব সিদ্ধান্ত  এরশাদ একাই নেন বলে তার আচরণকে ‘অগণতান্ত্রিক’ বলেছিলেন রওশন।

সেই বিভেদ মেটাতে কো-চেয়ারম্যানের উপরে জ্যেষ্ঠ কো-চেয়ারম্যানের পদ সৃষ্টি করে রওশনকে সেখানে বসান এরশাদ।

এবার আবার জি এম কাদেরের দিকে এরশাদের ঝুঁকে পড়ার মধ্যে রওশনের অনুপস্থিতি তাই সন্দেগ জাগাচ্ছে জাতীয় পার্টির কর্মীদের মনে।

বুধবারের বৈঠকের পর রওশনের অনুপস্থিতি নিয়ে কোনো প্রশ্নের জবাব দেননি জি এম কাদের বা রাঙ্গাঁ।

রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় জি এম কাদের বলেন,  “কেন তিনি আসেন না, সেটা আমি জানি না। নির্বাচনের সময় সবাই এলাকাতে গিয়েছিলেন, হয়ত তিনি ফিরে আসতে পারেন নাই।”

আবার বুধবার বিকালেও ভাবি রওশনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলে জানান কাদের।

“উনার ব্যাপারে সেরকম কোনো স্পেসিফিক কারণ জানি না। পার্টি অফিসে সবসময় সবাই আসেন না। এটাকে সহজ করে দেখে নিতে বলব,” বলেন তিনি।

Image
বুধবারের বৈঠকের পর সাংবাদিকদের সামনে জি এম কাদের

বুধবারের বৈঠকের পর সাংবাদিকদের সামনে জি এম কাদের

মহাসচিব রাঙ্গাঁ বৈঠকের পর জানিয়েছিলেন, দলের রাজনৈতিক অবস্থান কী হবে, বিরোধী দল ও মন্ত্রিত্বের প্রশ্নে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে কিছু দিনের মধ্যেই।

সে প্রক্রিয়ায় রওশন যুক্ত হবেন কি না- এ প্রশ্নে জি এম কাদের বলেন, “উনি যোগদান করবেন  কি না, এরকম আশ্বাস  আমি এখনও পাইনি।”

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের জন্য বৃহস্পতিবার দিন ঠিক হয়েছে।

তার আগের দিন জি এম কাদেরের কাছে একথা শোনার পর রওশন এরশাদকে ফোন করা হলেও  তিনি তা ধরেননি।

এরশাদের একক হাতে পরিচালিত দল জাতীয় পার্টিতে সক্রিয় হয়ে বিরোধীদলীয় নেতা হলেও বিভিন্ন সময়েই রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা বলেছিলেন রওশন।

পুরনো খবর:

ভাইকে চেয়ার দিয়ে এরশাদের ‘উইল’
সব সিদ্ধান্ত আমিই নেব: এরশাদ
আপনার কাছে অল্প চাইব কেন: হাসিনাকে রওশন
জাপার মন্ত্রীদের বাদ দিয়ে দিন: হাসিনাকে রওশন