সোমবার ‘ফিরছেন’ এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে ভোটের আগেই দেশে ফিরছেন বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এএম রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের চেয়ারম্যান এখন ‘কিছুটা সুস্থ’। সোমবার রাত ৯টায় তার ফ্লাইট ঢাকায় নামবে।
ভোটের আগে নানা গুঞ্জনের মধ্যে গত ১২ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে যান সাবেক সামরিক শাসক এরশাদ। তার সঙ্গে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু্ও সিঙ্গাপুরে যান।
একাদশ সংসদ নির্বাচনে এরশাদ দুটি আসনে প্রার্থী হলেও বর্তমান সংসদ সদস্য বাবলু নির্বাচনে নেই।
সেদিন জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা এরশাদ নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর হাতে দিয়ে যান। কিন্তু নিজের অবর্তমানে ‘চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব’ পালনের দায়িত্ব দিয়ে যান সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের হাতে।
জাতীয় পার্টির নেতারা বলে আসছেন, ‘রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায়’ অসুস্থ হয়ে পড়েছিলেন ৮৮ বছর বয়সী এরশাদ। দেশে থাকতে তাকে নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতালে যাওয়া-আসা করতে হচ্ছিল।
২০১৪ সালের নির্বাচনের আগেও তাতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এরশাদ নাটকীয় অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানে ভর্তি থাকা অবস্থায় তিনি এমপি নির্বাচিত হন এবং পরে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পান।
এবারও একাদশ সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় ‘অসুস্থ’ এরশাদের সিএমএইচে ভর্তির খবর এলে নতুন করে আলোচনা শুরু হয়।
জাতীয় পার্টির জোটসঙ্গী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশ্য বলেছিলেন, এরশাদের এবারের অসুস্থতা ‘রাজনৈতিক’ নয়; তিনি ‘সত্যিই’ অসুস্থ।
