২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানের শীষে দুর্নীতি, ধানের শীষে জঙ্গিবাদ: হাসিনা

বিএনপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতি-জঙ্গিবাদ-অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগ এনে দেশের কল্যাণের জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2018, 06:12 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

শুক্রবার বিকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি বলেন, “ধানের শীষে ভোট মানে দুর্নীতি, ধানের শীষে ভোট মানে ককটেল আর বোমা হামলা। ধানের শীষ মানেই জঙ্গিবাদ সৃষ্টি করা, দুর্নীতি, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ….”

শেখ হাসিনা বলেন, “মানুষকে যারা মানুষ বলে গণ্য করে না, তারা কীভাবে আবার ধানের শীষে ভোট চায় আপনারা বলেন।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণসংযোগের অংশ হিসেবে এদিন গুলশানে এসে ঢাকা মহানগর উত্তরের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।

ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক, ঢাকা-১১ আসনের এ কে এম রহমতউল্লাহ, ঢাকা-১২ আসনের আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-১৩ আসনের সাদেক খান, ঢাকা-১৪ আসলামুল হক, ঢাকা-১৫ আসনের কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনের মো. ইলিয়াস উদ্দিন মোল্লা ও ঢাকা-১৮ আসনের সাহারা খাতুন ছাড়াও দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনের প্রার্থী সালমান এফ রহমান এ নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন।

প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পর শেখ হাসিনা বলেন, “নৌকা মার্কা উন্নতি, সমৃদ্ধি। নৌকা মার্কা জনগণের স্বাধীনতা, নৌকা মার্কা মানে জনগণের ভাগ্যকে উন্নীত করা। নৌকা মার্কা মানে এদেশের মানুষের কল্যাণ হওয়া, যা চির জীবন দেশবাসীর প্রাপ্য। কাজেই এটা বিবেচনা করে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।”

Image
রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে শুক্রবার আওয়ামী লীগের নির্বাচনী সভায় নেতাকর্মীরা।

রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে শুক্রবার আওয়ামী লীগের নির্বাচনী সভায় নেতাকর্মীরা।

গত ১৮ ডিসেম্বর প্রকাশিত আওয়ামী লীগের ইশতেহারে বাংলাদেশকে আরও সমৃদ্ধি এনে দেওয়ার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা ঘোষণা দিয়েছি, আমরা দুর্নীতি দূর করব। মানুষের কল্যাণে কাজ করব। মানুষের উন্নয়ন করব। দেশের শান্তি নিরাপত্তার জন্য, দুর্নীতি দমন করবার জন্য নৌকা মার্কায় ভোট চাই।”

আগামী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও পরে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ। সেই উদযাপন সামনে রেখে সরকার ইতোমধ্যে ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে।

শেখ হাসিনা বলেন, “সেই সুবর্ণজয়ন্তী আমরা তখনই পালন করতে পারব, যখন নৌকা মার্কায় ভোট পেয়ে আমরা সরকার গঠন করে জনগণের সেবা করতে পারব।”

দারিদ্র বিমোচন করে ‘উন্নত সমৃদ্ধ সোনার বাংলা’ গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, “নৌকার পালে হাওয়া লেগেছে, আজকে যে জোয়ার উঠেছে, ইনশাল্লাহ নৌকার জয় হবে। সরকার গঠন করে এদেশের মানুষের সেবা করব, মানুষকে উন্নত জীবন দেব, আজ এ ওয়াদা রেখে যাচ্ছি।”

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের মাসেই যে ভোট হচ্ছে, সে কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের নেতৃত্বে আমরা এদেশ স্বাধীন করেছিলাম। জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে সমস্ত বাংলার মানুষ বিজয় অর্জন করেছিল এই ডিসেম্বর মাসে।

“আজকে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। আজকে বাংলাদেশে আর পিছিয়ে পড়া বাংলাদেশ নয়।।”

পানি ও বিদ্যুৎ অপচয় না করতে সবার প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “২০০১ এর নির্বাচনে যখন জয়ী হলাম, এই ঢাকা শহরে তখন পানির অভাব, পানি নাই. পানির জন্য হাহাকার। সবসময় লোডশেডিং, রাস্তাঘাট ভাঙাচোরা, ছিনতাই জঙ্গিবাদ তো আছেই।

“আওয়ামী লীগ সরকারে আসার পর সেই পানির সমস্যার সমাধান করেছে। আমি অনুরোধ করব, এক লিটার পানি পরিশোধন করতে অনেক টাকা খরচ হয়, সেই পানি যাতে অপচয় না হয় সেই দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে। বিদ্যুতের সমস্যা সমাধান করেছি, কোনো লোড শেডিং নাই। বিদ্যুত উৎপাদনে আমরা ভর্তুকি দেই। খরচের টাকা আপনাদের কাছ থেকে নিই না। সেখানে আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিদ্যুৎ অপচয় করবেন না।”

নিজের জন্য নয়, দেশের মানুষের ভাগ্য বদলাতে রাজনীতি করার কথা জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আমাদের একটাই কাজ, মানুষের জন্য কাজ করা।”

Image
রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে শুক্রবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে শুক্রবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

স্বল্প আয়ের মানুষের জন্য বহুতল ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা বলেন, “ঢাকায় বস্তিবাসীরা মানবেতর জীবন যাপন করে, সেই অবস্থা থাকবে না। তারা যাতে ফ্ল্যাট ভাড়া করে থাকতে পারে, সেজন্য বহুতল ভবন করে ফ্ল্যাট বানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কেউ দৈনিক ভাড়া দিতে চায়, সপ্তাহে ভাড়া দিতে চায়, মাসে ভাড়া দিতে চায়, সে সেভাবেই ভাড়া দিতে পারবে। আমরা সেই প্রকল্প হাতে নিয়েছি।”

দেশের অর্থনীতি যাতে আরও মজবুত হয়, দেশ যেন আরও শক্তিশালী হয় সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় গেলে নীতিমালা ধরে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে ২২ ডিসেম্বর তিনি সিলেটে তিনটি মাজার জিয়ারত করে আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

এরপর ২৩ ডিসেম্বর তিনি যাবেন রংপুর। সকালে রংপুর-২ নির্বাচনী এলাকায় (তারাগঞ্জ-বদরগঞ্জে) একটি জনসভায় অংশ নিয়ে পরে দুপুরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় তার বক্তৃতা করার কথা রয়েছে।

এছাড়া আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী।