যুদ্ধাপরাধীদের সঙ্গে রেখে বিচার কীভাবে সম্ভব: মেনন
যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট করে চললে তাদের বিচার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটভুক্ত দল ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ঘাতক দালাল নির্মূল কমিটির ‘ভুলি নাই’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিরোধী শক্তিদের ঠেকানোর আহ্বান জানান তিনি।
মেনন বলেন, “যুদ্ধাপরাধীরা আবার ক্ষমতায় এলে দুর্নীতি-দুঃশাসন ভয়ঙ্কর হয়ে উঠবে।”
ইশতেহারে ঘোষণা দিলেও যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়া ঐক্যফ্রন্টের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌকা প্রতীকে ভোটপ্রার্থী মেনন।
তিনি বলেন, “…যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে তাদের বিচার সম্ভব নয়। তাদের দলের ভেতর, জোটের ভেতরেই এখনো যুদ্ধাপরাধী রয়েছে।”
দুইদিন আগে ৩৫ দফার ইশতেহার ঘোষণা করেছে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জেএসডিসহ কয়েকটি রাজনৈতিক দলের জোট ঐক্যফ্রন্ট। তাতে বলা হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে।
ঐক্যফ্রন্টের ওই ইশতেহারের সঙ্গে মিল দেখা গেলেও পরদিন মঙ্গলবার বিএনপির পৃথক ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হয়।
বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে এবার ভোটের মাঠে রয়েছেন জামায়াতের ২২ জন নেতা।
ভোটে যুদ্ধাপরাধীদের বর্জনের আহ্বান জানিয়ে মেনন বলেন, “সমাজে এখনো বিষ রয়েছে। একে জিততে দেওয়া যাবে না।”
নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন সমাজকল্যাণ মন্ত্রী।
তিনি বলেন, “নির্বাচনে দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা পাবেন এবং সুরক্ষিত থাকবেন। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অ্যারোমা দত্ত এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
