২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফের আসনে ৩ ভাইও কিনলেন মনোনয়ন ফরম

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের আসনে তার পাশাপাশি তিন ভাইও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2018, 05:36 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আশরাফ ক্যান্সারের আক্রান্ত হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তার রাজনীতিতে ফেরার সম্ভাবনা খুব কম বলে সম্প্রতি তার ভাই শাফায়াতুল ইসলাম জানান।

তার মধ্যেও ডিসেম্বরে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর) আসনে আশরাফের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা হয়েছে।     

জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ ১৯৯৬ সাল থেকে এনিয়ে টানা চতুর্থবার ওই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যের দায়িত্বে রয়েছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুকরা শুক্রবার থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনছেন।

ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির বুথের দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক নেতা শামসুল কবির রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে ফরম বিক্রি শুরুর কিছুক্ষণ পর কিশোরগঞ্জ-১ আসনের বর্তমান সাংসদ ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের জন্য ফরম সংগ্রহ করে নিয়ে যান তার ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন।

সেদিন পরে সৈয়দ আশরাফের ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ শাফায়াতুল ইসলামও ওই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানান ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৈয়দ আশরাফুল ইসলাম এবং উনার ভাই সৈয়দ শাফায়াতুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।"

Image
সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ছবি)

সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ছবি)

রোববার দুপুরে আরও দুই ভাই নিজেদের জন্য মনোনয়ন ফরম নেওয়ার পাশাপাশি সৈয়দ আশরাফের নামে আরও একটি মনোনয়ন ফরম নেন।

রাহাত বলেন, “সৈয়দ আশরাফুল ইসলামের আরও দুই ভাই সৈয়দ আশফাক উল ইসলাম ও সৈয়দ মঞ্জুরুল ইসলাম একই আসন থেকে নিজেদের জন্য মনোনয়ন ফরম নেয়। এই দুই ভাই সৈয়দ আশরাফুল ইসলামের নামে আরও একটি মনোনয়ন ফরম নেন। এ নিয়ে আশরাফুল ইসলামের নামে দুটি ফরম গেল।"   

১৯৭৫ সালে কারাগারে বাবা নিহত হওয়ার পর যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। প্রবাসে আওয়ামী লীগের সংগঠন গড়ে তুলতে ভূমিকা রাখেন তিনি। দীর্ঘদিন পর দেশে ফিরে ১৯৯৬ সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনা কারাবন্দি হলে আওয়ামী লীগের যে ক’জন নেতা দলের হাল ধরেছিলেন, তাদের অন্যতম আশরাফ। পরে দলের সাধারণ সম্পাদকও হয়েছিলেন তিনি। দুই মেয়াদে দায়িত্ব পালনের পর এখন তিনি সভাপতিমণ্ডলীর সদস্য।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৬৮ বছর বয়সী আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটিও নিয়েছেন তিনি।

পুরনো খবর:

সৈয়দ আশরাফের রাজনীতিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ, বললেন ভাই
অসুস্থ সৈয়দ আশরাফকে ছুটি দিল সংসদ
সৈয়দ আশরাফের স্ত্রী শিলার মৃত্যু