সৈয়দ আশরাফের রাজনীতিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ, বললেন ভাই
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা ‘খুবই কম’ বলে জানিয়েছেন তার ভাই সৈয়দ শাফায়াতুল ইসলাম।
জনপ্রশাসনমন্ত্রী আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটিও নিয়েছেন তিনি।
কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আশরাফ আগামী নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়া নিয়ে নানা আলোচনার মধ্যে শাফায়াত রোববার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে ভাইয়ের গুরুতর অসুস্থতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছেন। তিনি পরিবারের সদস্যসহ কাউকে চিনতে পারছেন না।
“এ পরিস্থিতিতে এ সময়ে তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আমরা এখন রাজনীতি নয়, তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।”
সৈয়দ আশরাফ দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসছেন বলে যারা বলছেন, তাদের কথা ঠিক নয় বলেও জানান শাফায়াত।
আশরাফকে নিয়ে অহেতুক গুজব না ছড়িয়ে তার জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ করেন সাবেক সেনা কর্মকর্তা শাফায়াত।
বাবা সৈয়দ নজরুল ইসলাম হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা আশরাফ দেশে ফিরে ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে পুনর্নির্বাচিত হন তিনি।
জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আস্থা অর্জনের পর এক দশক আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশরাফ।
সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ছবি)
২০০৯ সাল থেকে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন আশরাফ। দুই মেয়াদে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারানোর সঙ্গে মন্ত্রী হিসেবে তার দপ্তরও বদল হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শেখ হাসিনা। দলে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয় তাকে।
গত বছর স্ত্রী শিলা ইসলামের মৃত্যুর পর নিজেও অসুস্থ হয়ে পড়েন ৬৮ বছর বয়সী আশরাফ। এখন তিনি হাসপাতালে শয্যাশায়ী।
জেল হত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতিতে ভাইয়ের গুরুত্ব তুলে ধরে শাফায়াত বলেন, “সৈয়দ আশরাফ একজনই, তিনি অপ্রতিদ্বন্দ্বী। একদিন বাংলাদেশের ইতিহাস লেখা হবে; তখন তিনি সৈয়দ নজরুলকে ছাড়িয়ে যাবেন। তিনি হবেন ইতিহাসের মহানায়ক।”
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাফায়াত।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ রুহুল আমিন খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সুলতানা রাজিয়া প্রমুখ।
