২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সাক্ষাৎ চান বদরুদ্দোজা

একাদশ নির্বাচন নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন জাতীয় যুক্তফ্রন্টের আহবায়ক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 12:45 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

পুরনো খবর:

সংলাপ আশাবাদের দিকেই যাচ্ছে: বি. চৌধুরী

তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার ওমর ফারুক বঙ্গভবনে ওই চিঠি পৌছে দেন।

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী লিখেছেন, “যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে আগ্রহী। সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত থাকে। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।”

নির্বাচন কমিশন ৮ নভেম্বর তফসিল ঘোষণার তারিখ রাখায় ৭ নভেম্বরের মধ্যে সাক্ষাতের সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়েছে বদরুদ্দোজার চিঠিতে।

এদিকে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছেন। ওই চিঠিও পৌঁছে দিয়েছেন ওমর ফারুক।

গত ৪ নভেম্বর বি চৌধুরীর নেতৃত্বে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় যুক্তফ্রন্টের প্রতিনিধিরা।

পরে এক সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্টের নেতা বদরুদ্দোজা চৌধুরী বলেন, সংলাপের শুরুটা যেভাবে হয়েছে, তাতে তিনি ‘আশাবাদী’।