প্রধানমন্ত্রীর বক্তব্য হতাশা থেকে: খন্দকার মোশাররফ
বিএনপি মহাসচিবের জাতিসংঘে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘হতাশা থেকেই’ বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন।
সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সাংবাদিকদের প্রশ্নে বলেন, “আমাদের মহাসচিব জাতিসংঘে গিয়েছেন, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গিয়েছেন। নিশ্চয়ই এটা প্রধানমন্ত্রীকে কোনো না কোনোভাবে আঘাত করেছে অথবা হাতাশা কারণ হয়েছে অথবা উৎকন্ঠার কারণ হয়েছে।
“সেজন্য বোধহয় তিনি এসব কথা বলেছেন।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বুধবার নিউ ইয়র্ক গিয়ে পরদিন জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেস্কের একজন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেন ফখরুল।
বিএনপি নেতারা বলছেন, জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণেই গেছেন ফখরুল।
শনিবার গণভবনে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির এই দাবিকে ‘মিথ্যাচার’ বলেন।
তিনি বলেন, “এরা (বিএনপি) মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। বলা হল জাতিসংঘের মহাসচিব আমন্ত্রণে তার সঙ্গে বৈঠক করতে গেছেন বিএনপি নেতারা। কিন্তু জাতিসংঘ থেকে বলা হল যে, তারা বিএনপিকে কোনো আমন্ত্রণ জানায়নি।”
ড. কামাল হোসেন ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠার অঙ্গীকারকে স্বাগত জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, “আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আমাদের নেত্রী গত মে মাসেই বলেছেন নির্বাচনকালীন সরকার লাগবে, সংসদ ভাঙতে হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে হবে, নির্বাচনের সময়ে সামরিক বাহিনী দায়িত্বে থাকতে হবে। আমরা এটিই বলছি।
“আমরা অত্যন্ত আশবাদী যে, বিএনপি ও ২০ দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি একই দাবি করছে। আমাদের বিশ্বাস আমরা যে দাবিটা করে আসছি এটা এখন জাতীয় দাবিতে, জনগণের দাবিতে পরিণত হয়েছে।”
গত ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় দুই হাজার মিথ্যা মামলা হয়েছে বলে জানান তিনি।
“আসামি হিসেবে নাম দেওয়া হয়েছে ২০ হাজার নেতাকর্মীর এবং এর সাথে অজ্ঞাত বলে আসামি করা হয়েছে লক্ষাধিক নেতাকর্মীকে। প্রায় তিন হাজার নেতাকর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর বাড়িতে পুলিশ পোশাকে কিংবা সাদা পোশাকে হানা দিচ্ছে। সিনিয়র নেতারাও বাদ যাচ্ছেন না।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
