২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্য পরিণত হবে রাজনৈতিক ঐক্যে: মোশাররফ

সুষ্ঠু নির্বাচনের দাবিতে চলমান জাতীয় ঐক্যের প্রক্রিয়া ‘জাতীয় রাজনৈতিক ঐক্যে’ রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2018, 10:05 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ইসি পুনর্গঠন, নির্বাচনের সময়ে সেনাবাহিনী মোতায়েন- এই দেশের সকল বিষয়ে সারাদেশের মানুষ, বিএনপির নেতৃত্বে ২০ দল ঐক্যবদ্ধ।

“অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট, ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়া, বাম জোট ঐক্যবদ্ধ হয়েছে। এমনকি  চরমোনইয়ের পীর সাহেবের দলও বলেছে আগামী নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিতে হবে এবং নির্বাচনকালীন একটি সরকার করতে হবে।”

তিনি বলেন, “জাতীয় ঐক্য আমার মতে নীতিগত ঐক্য, জনগণের ঐক্য ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, অতি শিগগিরই জাতীয় ঐক্য জাতীয় রাজনৈতিক ঐক্যে রূপান্তরিত হবে। ঐক্যবদ্ধভাবেই আমরা স্বৈরশাসন হাত থেকে দেশকে মুক্ত করব।”

জাতীয় ঐক্য সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে খন্দকার মোশাররফ বলেন, “কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য কী? জনগণের ঐক্যমত সৃষ্টি হয়েছে কোন ইস্যুগুলোতে? এই স্বৈরাচারী সরকারের অবসান, এই ষড়যন্ত্রের অবসান, গণতন্ত্র পুনরুদ্ধার, আওয়ামী লীগের বাক্সে বন্দি গণতন্ত্রকে পুনরুদ্ধার।

“এখন সেই পুনরুদ্ধারের ঐক্য যাদের বিরুদ্ধে তারা কিনা বলে আওয়ামী লীগকে সঙ্গে নিতে হবে। এটা হাস্যকর।”

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ‘ষড়যন্ত্রের রাজনীতির অবসান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

আলোচনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ইসমাইল তালুকদার খোকন, গাউসুর রহমান, কল্যাণ পার্টির সহসভাপতি সাহিদুর রহমান তামান্না প্রমুখ।