শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দায় সিপিবি ও জাসদ
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের যৌথ বিবৃতিতে কুর্মিটোলাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি চাপায় ছাত্রছাত্রীসহ পথচারী নিহত হওয়ার ঘটনায় শোকও জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শনিবার জিগাতলা, মিরপুরসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে এবং ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর পুলিশ ও সরকার সমর্থকরা হামলা চালায়।
“গত কয়েকদিন ধরে ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভকে গতকাল হামলা করে পরিস্থিতি উস্কে দেবার চেষ্টা করা হয়েছে। আজ আবার জিগাতলাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-ছাত্রীদের মিছিলে হামলার ঘটনা ঘটেছে।”
হামলাকারীরা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়কে ব্যবহার করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
ছাত্রছাত্রীদের উপর হামলা ও আওয়ামী লীগ কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি সরকার সমর্থকদেরকে সংযত আচরণ করে পরিস্থিতির অবনতি ঘটানোর উস্কানি না দেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
অপরদিকে অঘোষিতভাবে পরিবহন মালিক-শ্রমিকরা সারা দেশের পরিবহন ব্যবস্থা অচল করে রেখেছে বলেও উল্লেখ করা হয় এ বিবৃতিতে।
স্কুলের শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফিরে গেছে দাবি করে বিবৃতিতে বলা হয়, “পরিবহন বন্ধ রেখে ব্যক্তি বিশেষের মন্ত্রীত্ব রক্ষার যে কৌশল নেওয়া হয়েছে তাকে আমরা ধিক্কার জানাই। পরিবহন ব্যবস্থা অচল করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনজীবন দুর্বিষহ করার মাধ্যমে স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।”
অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে ও বদিউল আলম মজুমদারের বাড়িতে হামলার নিন্দার পাশাপাশি অবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিবৃতিতে।
অন্যদিকে শিক্ষার্থীদের ওপর সরকারদলীয় লোকজন এবং পুলিশের দমন-পীড়নের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, “শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি মেনে মন্ত্রিসভা মাফিয়ামুক্ত করার পথ প্রধানমন্ত্রী অবলম্বন করেননি। বরং একটি অহিংস আন্দোলন দমনে সশস্ত্র হামলা, ভীতি ও আতংক সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি ক্রমেই যে দিকে ঠেলে দেওয়া হচ্ছে তার পরিণতি হবে ভয়াবহ।
“আন্দোলন দমনে সরকার হামলা, নির্যাতনের পথ গ্রহণ করায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর সুযোগ যদি কোনো স্বার্থান্বেষী মহল গ্রহণ করে তার দায়ভার সরকারকে নিতে হবে।”
নৌমন্ত্রী শাজাহান খানের অপসারণও দাবি করা হয় সিপিবি বিবৃতিতে।
