কোমলমতিদের দাবি মেনে নিন: প্রধানমন্ত্রীকে এরশাদ
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের ‘যৌক্তিক’ দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তার বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থীদের ‘যৌক্তিক আন্দোলনে’ জাতীয় পার্টির ‘পূর্ণ সমর্থন’ রয়েছে।
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর প্রাণ যায়। সেদিন থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নামে। পরিবহন ব্যবস্থার সংস্কারে নয় দফা দাবিতে বিক্ষোভ অবরোধে গত দুদিন ধরে রাজধানীর রাজপথ অচল করে রেখেছে তারা।
এরশাদ বলেন, “একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে নিস্পাপ শিশুদের এই দাবি মাননীয় প্রধানমন্ত্রী হৃদয় দিয়ে অনুধাবন করবেন।”
ওই ঘটনায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মীম এবং আবদুল করিমের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “কোমলমতি শিশুরা রাস্তায় ভিজে ভিজে নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছে, এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর। তারা শুধু সড়কে জীবনের নিরাপত্তার জন্য সংগ্রাম করছে।”
রাজপথে আন্দোলনরত এই ‘মেধাবী শিশুরা’ আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে বলেও বিশ্বাস করেন সাবেক এই রাষ্ট্রপতি।
বিবৃতিতে তিনি বলেন, “উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই শিশুরাই কারিগর হিসেবে কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের আজকের স্বপ্নগুলো আগামীতে তারাই বাস্তবায়ন করবে।”
হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে দিয়ার বাসায় যাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
