২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবির ঢাকার সূত্রাপুর থানার সম্মেলনে নতুন কমিটি

সম্মেলনের মাধ্যমে ঢাকার সূত্রাপুর থানায় সিপিবির নতুন কমিটি গঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 09:40 AM

Updated : 11 Oct 2022, 12:32 PM

শুক্রবার বিকালে ইস্ট এন্ড ক্লাবের শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয় । এতে বক্তৃতা করেন দলটির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্সসহ নেতারা।

সূত্রাপুর থানার বিভিন্ন ওয়ার্ড থেকে লাল পতাকার মিছিল নিয়ে নেতা-কর্মীরা যোগ দিয়েছিলেন এই সমাবেশে।

তার আগে কাউন্সিল অধিবেশনে আবু তাহের বকুলকে সভাপতি, বিকাশ সাহাকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম সমীরকে সহসাধারণ সম্পাদক করে নতুন থানা কমিটি গঠিত হয়।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন রতন কুমার দাস, নেসার আহমেদ, গোলাম রাব্বী খান, আনোয়ার হোসেন, দিপায়ন হোসেন ও ইসমাইল হোসেন।

সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রিন্স মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে রাষ্ট্র পরিচালনার নীতির পরিবর্তনের উপর জোর দেন।

তিনি বলেন, “বিগত দিনে ক্ষমতার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন না হওয়ায় লুটপাটের ধারা অব্যাহত আছে। বর্তমান সময়ে লুটপাট এক ভয়াবহ পর্যায়ে পৌছেছে। ব্যাংকের টাকা চুরি থেকে শুরু করে কয়লা আর অন্যদিকে সরকারের নানা পদক্ষেপে জনগণের পকেট কাটা চলছে।”

প্রিন্স বলেন, “এ অবস্থা থেকে উত্তরণে লুটপাটকারীদের উপর ভরসা করলে চলবে না। তাদেরকে ‘না’ বলে নীতিনিষ্ঠদের ‘হ্যাঁ’ বলতে হবে।”

সিপিবি সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক বিকাশ সাহা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ঢাকা-৬ আসনে কাস্তে প্রতীকে কমিউনিস্ট পার্টির প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সিপিবির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল বলেন, “খবর পেলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চলতি অর্থবছরের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এই বাজেট তৈরির আগে জনগণের মতামত নেওয়া হয়নি। আমলানির্ভর এই সিটি বাজেটে জনগণের মতামত প্রতিফলিত হয়নি।”

আবু তাহের বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির নেতা জাহিদ হোসেন খান, সাইফুল ইসলাম সমীর, গোলাম রাব্বী খান, যুবনেতা আনোয়ার হোসেন, ছাত্রনেতা দীপক শীল।