২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জাপার মেয়রপ্রার্থী ইকবালকে দল থেকে বহিষ্কার

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

ও বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 09:05 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী শুক্রবার ইকবাল হোসেন তাপসের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন। 

ইতোমধ্যে এই বহিস্কারাদেশ কার্যকর হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি বলেন, “জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় অনড় থাকা এবং কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়া ও পার্টির শৃংখলা ভঙ্গের দায়ে ইকবাল হোসেন তাপসকে জাতীয় পার্টির সকল পদ ও পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।”

অন্যদিকে ইকবালের দাবি, নির্বাচন থেকে সরে দাঁড়ানো কিংবা অন্য প্রার্থীকে সমর্থন দেওয়ার ব্যাপারে চেয়ারম্যানের কোনো নির্দেশনা তিনি পাননি।

শুক্রবার বিকালে নিজের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে না সরার ঘোষণাও দেন।

বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন তাপস বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান তার হাতে দলীয় প্রতীক ‘লাঙ্গল’ তুলে দিয়েছেন।

“তার নির্দেশেই লাঙ্গল প্রতীক নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

তিনি বলেন, “নৌকার প্রার্থীকে সমর্থন দেওয়ার যে কথা বলা হচ্ছে, তা একটি মহলের চক্রান্ত। এই মুহূর্তে নির্বাচনী মাঠ থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।”