বঙ্গবন্ধু-তাজউদ্দীনে ‘মণি-কাঞ্চন যোগ’ ঘটেছিল
স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের মধ্যে সংযোগ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বলে মন্তব্য এসেছে এক অনুষ্ঠানে।
সোমবার জাতীয় নেতা তাজউদ্দীনের ৯৩তম জন্মবার্ষিকীতে একথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
তিনি বলেন, “ষাটের উত্তাল সময়ে বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করলেন। ছয় দফার পেছনে তাজউদ্দীন আহমদের একটি বলিষ্ঠ ভূমিকা ছিল। এটি ছিল এক ধরনের মণি-কাঞ্চন যোগ।”
বঙ্গবন্ধু-তাজউদ্দীন সম্পর্ক নিয়ে অধ্যাপক মনজুরুল বলেন, “বঙ্গবন্ধু ছিলেন খুবই উদ্দীপনাময় একজন বক্তা। তিনি যখন কথা বলতেন তখন শুধু শুনতে হত, একটা আবেগ তিনি সঞ্চারণ করতে পারতেন। সে আবেগটা ধারণ করে বাঙালি জাগছে। যেখানে যাচ্ছেন ছয় দফার পক্ষে বিশাল জনসমর্থন সৃষ্টি হচ্ছে।
“পেছন থেকে কৌশলী কাজগুলো করে দিচ্ছেন তাজউদ্দীন আহমদ।”
আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে জাদুঘর কর্তৃপক্ষ আয়োজিত তাজউদ্দীন আহমদের স্মরণানুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
তিনি বলেন, মাত্র ৫০ বছর বয়সে তাজউদ্দীন আহমদ যে প্রজ্ঞা, মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন, সেটা বিস্ময়কর।
“তিনি স্বাধীনতার অন্যতম নায়ক ছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর চিন্তাচেতনাকে পরিচালিত করেছিলেন। ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছিলেন।”
“দুঃখজনক হলো, বঙ্গবন্ধুও কিছুদিন পর চলে গেলেন। ফলে আমরা বেশ কিছুদিন গন্তব্যহীন অবস্থায় ছিলাম।”
তাজউদ্দীন আহমদকে ‘নতুনভাবে আবিষ্কারের’ আহ্বান জানান তিনি।
“নতুনভাবে আবিষ্কারের কথা কেন বলছি... কারণ তিনি একটি গভীর ছায়ার মধ্যে পড়ে গিয়েছিলেন। যেন কিছুদিন তাজউদ্দীন আহমদকে এদেশ ভুলে ছিল।”
বাংলাদেশের বিবেচনায় কৃষি শিল্প বিকাশের উপর সবচেয়ে বেশি গুরুত্ব তাজউদ্দীন দিতেন মন্তব্য করে অধ্যাপক মনজুরুল বলেন, “নিম্নমূল্যে কৃষকদের মাঝে সার, বীজ ইত্যাদি বিতরণ করার কথা ভাবতেন। তা আমাদেরকে বিস্মিত করেছিল।
“ফার্ম একটি ইউনিট। সেটা যদি আমি সক্রিয় করতে পারি, তাহলে কৃষক সক্রিয় হবে, শ্রমিক সক্রিয় হবে, শিক্ষক সক্রিয় হবে, ব্যবসায়ী সক্রিয় হবে। সবার মাঝে সক্রিয়তার চিন্তা সমানভাবে ছড়িয়ে গেলে তিনি লাভের কথা চিন্তা করবেন না, নিজেদের অবদানের কথা ভাববেন। তিনি আদর্শবাদী মানুষ ছিলেন।”
রাজনীতির সঙ্গে সংস্কৃতির মিলনকে তাজউদ্দীন অনেক গুরুত্ব দিতেন উল্লেখ করে তিনি বলেন, “রাজনীতি যদি কেবল রাজনীতির খোলসে জড়িয়ে পড়ে, সেটা মানুষের থেকে শক্তি সঞ্চয় না করে, তাহলে সে রাজনীতি জনমানুষের মধ্যে পরিব্যাপ্ত হবে না।
“আপনারা দেখবেন, যে সমস্ত সময়ে বাংলাদেশের সংস্কৃতিকে অস্বীকার করা হয়েছে, সে সময় রাজনীতি মুখ থুবড়ে পড়েছে। সংস্কৃতির শক্তি শুদ্ধ শক্তি।”
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, “স্বাধীনতার প্রস্তুতি, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের মোট তিনটি পর্বে বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদের মতো ‘নির্ভরযোগ্য জুটি নেতৃত্ব দিয়েছিল।
তাজউদ্দীন আহমদ যে অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন, তা এখন ‘বিস্মৃত প্রায়’ বলে মন্তব্য করেন সারওয়ার আলী।
স্বাধীন বাংলাদেশে অর্থমন্ত্রী হিসাবে তাজউদ্দীনের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি বলেন, “প্রতিটি বাজেটে একটি দর্শনের ব্যাপার থাকে। তাজউদ্দীন আহমদ তার বাজেট বক্তৃতায় ভবিষ্যত দেশের অর্থনীতি কীভাবে চলবে, সেটা যেভাবে বলেছেন, আর কোনো অর্থমন্ত্রী বোধহয় সেভাবে স্পষ্ট করে বলেননি।”
আলোচনা অনুষ্ঠানের আগে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভাস্কর্য চত্বরে তাজউদ্দীন আহমদের জীবন ও কর্ম নিয়ে সাত দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এরপর ৮ ডিসেম্বর ১৯৭১ সালে বিজয়ের প্রাক্কালে তাজউদ্দীন আহমদের স্বকণ্ঠের ধারণকৃত বক্তৃতা শোনানো হয়। পাঠ করা হয় তার বিভিন্ন বক্তৃতা থেকে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইটিআইর সম্মানিত সভাপতি রামেন্দু মজুমদার ও তাজউদ্দীন আহমদের মেয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ডা. শেখ বনি আমিন ও ডা. আখতার বানু তাদের কাছে থাকা মুক্তিযুদ্ধের স্মারক মুক্তিযুদ্ধ জাদুঘরকে দান করেন। এ সময় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি জিয়া উদ্দিন তারিক আলী।
