২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজানকে ‘গুম’ করতে না পেরে ‘বানোয়াট অডিও’: ফখরুল

বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমানকে গুম করার চেষ্টা হয়েছিল দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তা করতে ‘না পেরে’ তার ভাবমূর্তি ক্ষুণ্ণের উদ্দেশ্যে ‘কাল্পনিক অডিও ক্লিপ‘ ছাড়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 08:54 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

সোমবার মধ্যরাতে মিজানকে পুলিশ গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে একথা বলার পাশাপাশি দলের এই নেতার মুক্তিও দাবি করেন বিএনপি মহাসচিব ফখরুল।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগের রাতে গ্রেপ্তার করা হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে মিজানকে। তার আগে একটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, যাতে ভোটে নাশকতার ষড়যন্ত্রের আলামত মিলেছে বলে পুলিশের দাবি।

মিজানকে গ্রেপ্তারের কথা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “ষড়যন্ত্রের ফোনালাপ সোস্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। সেখানে বিএনপির একজন কেন্দ্রীয় নেতার ষড়যন্ত্রের নীল নকশা প্রকাশিত হয়েছে।

Image
মিজানুর রহমান

মিজানুর রহমান

“বিএনপির লোকজন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নৌকা মার্কার ব্যাজ লাগিয়ে দিয়েছে। এবং আজকে হাতে নাতে জাল ভোটের অভিযোগে বিএনপিরই একজন কর্মী ধরা পড়েছে। এটার কি জবাব দিবে বিএনপি?”

বিবৃতিতে ফখরুল বলেন, “অতীতে যেমন দলের বিভিন্ন নেতাকে তুলে নিয়ে গুম করে দেওয়া হয়েছিল, আমরা মনে করি গভীর রাতে মেজর (অবসরপ্রাপ্ত) মিজানকে তুলে নিয়ে যাওয়া তেমনই একটি প্রচেষ্টা ছিল।

“সরকার তাদের ঘৃন্য কাজকে ধামাচাপা দেওয়ার জন্য এখন নতুন নাটক হিসেবে একটি কাল্পনিক অডিও ক্লিপ বাজারে ছেড়ে দাবি করছে মিজানুর রহমান গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নাশকতার পরিকল্পনা করছিলেন।

“যেহেতু তাকে (মিজান) গুম করার চেষ্টা প্রকাশ হয়ে গেছে, তাই সরকার ড্যামেজ কন্ট্রোলের জন্য এই বানোয়াট অডিও ছেড়ে মিজানুর রহমানের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা নাশকতার গল্প ছড়াচ্ছে।”

ফখরুল বলেন, “জনবিচ্ছিন্ন সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় শাসনকে পাকাপোক্ত করতে নিরবচ্ছিন্নভাবে চক্রান্ত জাল বুনে যাচ্ছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অসংখ্য নেতা-কর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আটক রাখা এবং সর্বশেষ মিজানকে গ্রেপ্তার সেই চক্রান্তেরই অংশ।

পুরনো খবর:

ভোট নিয়ে ‘ষড়যন্ত্রের অডিও’, বিএনপি নেতা মিজান গ্রেপ্তার