ফখরুল ভাই, ভোটে জিতে যদি আমাদের না চেনেন: মান্না
বিএনপির সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে থাকতে ‘সুসময় এলে’ দলটির ‘সুবিচেনায়’ থাকার প্রত্যাশা জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার এক ইফতার মাহফিলে তার দলের জোট শরিক বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আগামী নির্বাচনের পর দেশে পাঁচ বছরের জন্য জাতীয় সরকার গঠনের কথা বলেছেন।
ওই ইফতার মাহফিলে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে বর্তমানের ‘সংকট থেকে’ উত্তরণে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।
গুলশান-২ এর অল কমিউনিটি ক্লাবে বিকল্পধারা এই ইফতার মাহফিলের আয়োজন করে।
বক্তব্যে বিএনপি মহাসচিবের উদ্দেশে মান্না বলেন, “ফখরুল ভাই কথা কিন্তু আমাদের অনেক আছে। কারণ এই যে লড়াই করব একদিন একটা ভোট হবে, ভোটের পরে জিতে ব্যাপক ভোট পেয়ে আপনারা সরকার গঠন করবেন। তখন আর আমাদের চিনবেন না, যদি এমন হয়?
“আমাদের অতীতে অভিজ্ঞতা ভালো নয়। আপনাকে কষ্ট দেবার জন্য বলছি না, অহেতুক খোঁচাও দিচ্ছি না। শুধু এটিই বলছি, এটা বিবেচনায় রাখবেন।”
নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, “নির্বাচনের পরে দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য এবং দেশের অগ্রগতির জন্য আমরা আগামী পাঁচ বছরের জন্য একটি জাতীয় সরকার চাই।
“দেশে সহিংসতা হবে না, আগুন জ্বালানো হবে না, অন্যায়-অত্যাচার-অবিচার হবে না। আমরা কতগুলো পরিণত মস্তিষ্ক একত্রিত করলে হয়ত ইনশাল্লাহ বাংলাদেশ আরেকটি সুযোগ পাবে।”
বিকল্পধারা, কৃষক-শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্টকে ‘নিউক্লিয়াস’ অভিহিত করে তিনি বলেন, “এর মাধ্যমে আমরা একটা নেতৃত্ব দিতে চাই। যে নেতৃত্বে চরিত্র থাকবে, যে নেতৃত্বে সততা থাকবে এবং যে নেতৃত্বে কথা বলার দাম থাকবে।”
বর্তমানে বাংলাদেশে বিরোধী দলকে ‘সমাবেশ করতে না দেয়া’ এবং হাজার হাজার নেতা-কর্মীদের কারাগারে আটকে রাখা কোনোভাবে ‘সহ্য করা যায় না’ বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকার নির্বাচনে ‘কারসাজি’সহ নানা অনিয়ম দেখিয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, “এ থেকে উত্তরণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, আমরা এটা আদায় করব। সংসদ ভেঙে দিতে হবে নির্বাচনের ১০০ দিন আগে।
“নির্বাচনের তামাশা দেখতে চাই না। সেনাবাহিনী মোতায়েন করতে হবে নির্বাচনে। সাহসী নির্বাচন কমিশন গঠন করতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “জাতির সামনে আজকে যে সংকট সেই সংকট কোনো ব্যক্তি বা দলের নয়। এই সংকট আজকে সমগ্র দেশের, সমগ্র জাতির। এই সংকট থেকে মুক্তি পেতে হলে ভয়াবহ স্বৈরাচার যারা আমাদের সমগ্র অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে।
“তাদের যদি পরাজিত করতে হয় তাহলে ছোট-খাটো সমস্যাগুলো দূর করে আমাদের একটা ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্যের মধ্য দিয়েই আমরা এই ভয়াবহ শক্তিকে পরাজিত করতে পারব, জনগণের শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত করতে পারব।”
কারাবন্দি খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আবার আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্র শুরু হয়েছে তাকে গ্রেপ্তারের পর থেকেই, তাকে আটকে রাখার জন্যই এই ষড়যন্ত্র করা হচ্ছে।”
মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে শতাধিক মানুষের প্রাণহানির সমালোচনা করেন মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, “এটা সত্যি সত্যি একটা মৃত্যুর মিছিল বলতে পারেন এবং সেই মিছিল চলছে, থামছে না। আমরা অনেক অনুনয়-বিনয়, প্রতিবাদ করেছি। সংসদ সদস্যকে যদি প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা না যায়, তাহলে এদের নামে অভিযোগ আছে তারও কোনো প্রমাণ নেই, তাহলে এদের গুলি করে মারবেন কেন?
“উনারা (সরকার) বলছেন, আমরা যুদ্ধ করছি। নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর এ রকম প্রকাশ্য যুদ্ধ ঘোষণা বাংলাদেশে প্রথম পৃথিবীর ইতিহাসে।”
ইফতার মাহফিলে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত আবদুল মান্নান, সহ-সভাপতি শাহ আহমেদ বাদল, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার ওমর ফারুক বক্তব্য রাখেন।
ইফতারে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, বিজেপির আবদুল মতিন সউদসহ বিকল্পধারার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
