তখন কম্বল চুরি হত, এখন ব্যাংক লুট হয়ে যাচ্ছে: সেলিম
সংসদে ‘নব্য ধনী লুটেরা গোষ্ঠীর লোকজন বেশি থাকায়’ সরকার ব্যাংক খাতসহ অন্যান্য দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নিতে পারছে না বলে মন্তব্য করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
দার্শনিক-অর্থনীতিবিদ এবং কমিউনিস্ট পার্টির ইশতেহারের অন্যতম প্রবক্তা কার্ল মার্কসের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর তোপখানা রোডে সিপিবি-বাসদ আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
সিপিবি সভাপতি বলেন, “বঙ্গবন্ধু তার শাসনামলে প্রকাশ্যে কম্বল চুরির বিষয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অন্যরা পায় সোনার খনি, লোহার খনি আর আমি পেয়েছি চোরের খনি। তখন কম্বল চুরি হত, এখন আমরা দেখছি একটার পর একটা ব্যাংক লুট হয়ে যাচ্ছে। এ নিয়ে শেখ হাসিনা কিছু বলেন না কেন?
ছাত্রলীগ নিয়ে কথা বলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, “একটা কথা বললে হয়ত বাড়তি মূল্যায়ন করা হবে, কিন্তু যতদিন পর্যন্ত ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী ছিল ততদিন ছাত্রলীগের ছেলে-মেয়েরা পড়াশোনা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকে খানিকটা হলেও মনযোগী ছিল। কিন্তু যখন থেকে ছাত্রদল ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল তখন তারাও তাদের (ছাত্রদল) মতো হয়ে উঠতে শুরু করল।
তিনি বলেন, “আমাদের সার্বিক রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। আওয়ামী লীগ-বিএনপির বাইরে একটি শক্তিশালী বাম বিকল্প গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। পাশাপাশি ছাত্র সমাজকেও সেই আগের ভূমিকায় নিতে হবে।”
“এখানে দৃষ্টিভঙ্গিরও একটা বিষয় রয়েছে। আমি যখন কোথাও বক্তৃতা দিতে যাই, সবাই আমার পরিচয় দেয় ডাকসুর সাবেক ভিপি। কিন্তু সত্য হচ্ছে- আমি যতদিন ছাত্র ইউনিয়ন করেছি, তার চেয়ে বেশি দিন করেছি ক্ষেতমজুর সমিতি। ক্যাপিটাল পড়ে আমি যা শিখেছি, তার চেয়ে অনেক বেশি শিখেছি কৃষক-ক্ষেতমজুরদের সঙ্গে কাজ করে।”
আলোচনা সভায় কার্ল মার্কসের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অভিনু কিবরিয়া ইসলাম। বক্তব্য দেন সাবেক সিপিবি সভাপতি ও বর্তমানে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, বর্তমান সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তেল-গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ প্রমুখ।
