আইনি লড়াই ছাড়া খালেদার মুক্তির পথ নেই: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, আইনি লড়াই ছাড়া তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আর কোনো পথ খোলা নেই।
সোমবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী কাদেরের এমন মন্তব্য আসে।
আওয়ামী লীগ নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি না দেওয়ার কৌশল নিয়েছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, “খালেদা জিয়াকে সরকার তো জেলে রাখছে না, রাখছে আদালত। আদালতে তারা ফাইট করুক।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিশ্বাস, বিএনপি নেতারা যে আন্দোলনের কথা বলছেন, তাতে কেউ সাড়া দেবে না।
“বেগম জিয়ার ব্যাপারটায় তারা আইনিভাবে গেলে ভালো করবে। আইনি লড়াই ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করার দ্বিতীয় কোনো পথ নেই।”
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের পর থেকে গত প্রায় তিন মাস ধরে কারাগারে আছেন খালেদা জিয়া। তার মুক্তির দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়ে আসছে।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বেগম জিয়াকে দেখেছেন। বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, চিৎকার করছেন, আমার কাছে মনে হচ্ছে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়েও রাজনীতি করছে। এখানে চিকিৎসাটা দরকার, সে ব্যাপারে সরকারের কোনো গাফিলতি হবে না। "
সরকারের এই মন্ত্রী বলেন, “একজন কারাবন্দির চিকিৎসা কোথায় হবে এটা বিএনপি ঠিক করে দেবে? আমাদের নেত্রী যখন কারাগারে ছিলেন, তখন আমরা কিন্তু বলিনি এই হাসপাতালে নিয়ে আসুন, ওই হাসপাতালে নিয়ে আসুন। এটা চিকিৎসকরাই ঠিক করবে, দরকার হলে মেডিকেল বোর্ড ঠিক করবে।”
খালেদা জিয়াকে শিগগিরই কোনো বেসরকারি হাসপাতালে নেওয়া হবে কি না জানতে চাইলে কাদের বলেন, “যাই হবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ও চিকিৎসকরা ঠিক করবেন। এখানে বিএনপির কথা আর আওয়ামী লীগের কথায় বেগম জিয়ার চিকিৎসা হবে না। চিকিৎসার ব্যাপারটা ভিন্ন। এখানে কারাগারের নিয়ম আছে, চিকিৎসক আছে পরীক্ষা নীরিক্ষা করেই ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ঢাকা মেট্রোরেল প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণে দুই ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী।
