আতঙ্কের মহানায়ক গাজীপুরের এসপি হারুন: বিএনপি
সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে গাজীপুরে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ তুলে জেলার পুলিশ সুপার হারুনুর রশীদকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।
ক্ষমতাসীনদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করে রোববার এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানান।
তিনি বলেন, গতকাল গাজীপুরের মৌচাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে এক যৌথ নির্বাচনী সভায় জাহাঙ্গীর কবির নামক এমপি. বাহাউদ্দিন নাসিম এমপি, আহমদ হোসেন এমপি ও গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীরকে বিজয়ী করতে আহ্বান জানান, যা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
“শুধু তাই নয়, আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ন নির্যাতন চলছে দুই সিটিতে। বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে, ক্রসফায়ারের ভয় দেখানো হচ্ছে এমনকি নেতা-কর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করছে পুলিশ। নির্বাচনী প্রচারণার সময় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ এস এম সানাউল্লাহসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
“পুলিশ প্রতিদিন বিরোধী দলের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। গাজীপুরের পুলিশ এখন ভয়ঙ্কর আতঙ্কের নাম। এই আতঙ্কের মহানায়ক হচ্ছেন এসপি হারুন।”
এজন্য পুলিশ সুপার হারুনকে অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান রিজভী।
বিএনপির এই নেতা তিনি বলেন, “দুই সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। ক্ষমতাসীনদের বৈধ ও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, সন্ত্রাসীরা এলাকায় এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছে।
“দুই সিটিতেই আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কালো টাকার ছড়ানো ও তাদের প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইসিতে জমা দিলেও নির্বাচন কমিশন অন্ধের মতো ভূমিকা পালন করছে।”
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘অপপ্রচার সেল’ খোলার অভিযোগ করে বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, “বিভিন্নভাবে ব্যর্থ হওয়ার পর এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নানা অপপ্রচারের জন্য সেল খোলা হয়েছে, একটি বিশেষ কক্ষ খোলা হয়েছে। প্রধানমন্ত্রীর একজন উপ-প্রেস সচিবের ফেইসবুক আইডিতে নানা মিথ্যা ও বানোয়াট গল্প বানিয়ে প্রচার করা হচ্ছে।”
‘‘ এই ধরণের হীন অপপ্রচার নিম্নরুচির পরিচায়ক। যারা কুরুচি সম্পন্ন এবং যারা অপরাজনীতি ও অসভ্যতার চর্চা করে তারাই কেবল অসত্য ও নোংরা রাজনীতির আশ্রয় নেয়। তাদের এসব অপপ্রচার জনগণ বিশ্বাস করে না। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন থেকে কারাবন্দি স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আবার রিমান্ডে নেওয়ার ঘটনার নিন্দা জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, তৈমুর আলম খন্দকার, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম উপস্থিত ছিলেন।
