গণতন্ত্র এখন শুধু আওয়ামী লীগের জন্য: ফখরুল
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভার অনুমতি না দেওয়ার পর একই স্থানে আওয়ামী লীগের সমাবেশ করা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র, আর আমরা সামান্য একটা কর্মসূচিও করতে পারছি না,” ক্ষোভের সঙ্গে বলেছেন বিএনপি মহাসচিব।
ঐতিহাসিক সাতই মার্চে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে আওয়ামী লীগ। খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই স্থানে জনসভা করতে চাইলেও সেই অনুমতি পায়নি দলটি।
বাংলাদেশে এখন ‘গণতন্ত্রহীন অবস্থা’ চলছে বলে বিএনপি নেতারা বলে এলেও তা বরাবরই নাকচ করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
আগের বার অনুমতি না পাওয়ার পর এখন ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চাইছে বিএনপি।
বৃহস্পতিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “এখন পর্যন্ত সেই জনসভার অনুমতির ব্যাপারে তারা কিছুই বলেনি। আমাদের একটা টিম আজকে মহানগর পুলিশের কাছে গিয়েছিল। সেই টিমকে তারা বলেছেন, গোয়েন্দাদের রিপোর্ট আসার পরে তারা জানাবেন।
“অথচ তারা (আওয়ামী লীগ) কালকেই জনসভা করলেন সোহরাওয়ার্দী উদ্যানে। সারা ঢাকার শহরের সমস্ত কিছু বন্ধ করে দিয়ে বাইরে থেকে গাড়ি দিয়ে হাজার হাজার লোক নিয়ে এসে তারা এই জনসভাটা করলেন।”
বিএনপি জনসভার নামে নাশকতা করতে পারে বলে পুলিশের আশঙ্কা প্রকাশে প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “নাশকতা তো করছেন তারা। তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি ভেঙে দিচ্ছেন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন।”
পুলিশের বাধার কথা বলতে গিয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড করে দেওয়ার নজির দেখান ফখরুল।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে বিএনপির এক কর্মীকে আটকের চিত্র
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, “প্রধানমন্ত্রী যেসব বক্তব্য রেখেছেন. সেই বক্তব্য থেকে একটা জিনিস প্রমাণিত হয়- গণতন্ত্র শুধু তাদের জন্য, এদেশটা তাদের। এখানে অন্য কারও কোনো অবস্থান নেই।”
অধিকাংশ রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের মধ্যে সংসদের অর্ধেক আসনে বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নির্বাচিতদের নিয়ে আওয়ামী লীগের সরকার পরিচালনার দিকটি তুলে ধরে ফখরুল বলেন, “এই অবৈধ অনৈতিক ব্যবস্থা আওয়ামী লীগ চালু করলো। এই ব্যবস্থা থেকে আবার গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসা কিন্তু অত্যন্ত দুরূহ কাজ হবে।”
আওয়ামী লীগ ভীতি ছড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “এখন চতুর্দিকে একটা ভীতির সঞ্চার হয়েছে। প্যানিক সারাটা দেশে ছড়িয়ে পড়েছে। যেটা ফ্যাসিজমের প্রধান কাজ, সেই কাজটা তারা (সরকার) করছে।”
