২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির দাবিতে বিভাগীয় শহরে জনসভা করবে বিএনপি

দুর্নীতির মামলায় সাজা নিয়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীসহ আট বিভাগীয় শহরে জনসভা করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 09:57 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দলের এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। আমরা আগামী ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের আয়োজন করেছি।

“শুধু তাই নয়, সকল বিভাগীয় শহরে আমরা পর্যায়ক্রমে সমাবেশ করব। আগামী ১০ মার্চ  খুলনায় জনসমাবেশ রয়েছে। এরপর আমরা জেলা পর্যায়ে সমাবেশ করব।”

১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন,  “আমরা  জানতে পেরেছি, ৭ মার্চ শেখ হাসিনা আওয়ামী লীগের জনসমাবেশ করবেন সোহরাওয়ার্দী উদ্যানে। এরপরে এই উদ্যানে এরশাদের জাতীয় পার্টি সমাবেশ করবে।

“আমরা ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছি। সরকারের জন্য এটা বড় চ্যালেঞ্জ। আমাদেরকে ১২ মার্চ সমাবেশ করতে দিতে হবে। আমরা বলতে চাই, বিগত ১২ নভেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিতিতে যে সমাবেশ হয়েছিল, আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাল্লাহ আগামী ১২ মার্চ তার চেয়েও বেশি লোকসমাগম হবে। আমরা এই সমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।”

সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমাদেরকে ১২ মার্চ সমাবেশ করতে দিতে হবে। তা না হলে বোঝা যাবে এক দেশে দুই আইন। তাহলে বোঝা যাবে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে চান।”

সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি হাফেজ আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শামসুর রহমান, মাওলানা দ্বীন মুহাম্মদ কাশেমী প্রমুখ বক্তব্য রাখেন।

খালেদাকে জেলে রেখে বিএনপি দূর্বল করা যাবে না

খালেদা জিয়াকে সাজা দিয়ে জেলে রেখে বিএনপিকে দুর্বল করা যাবে না বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, “জেলে রেখে বেগম জিয়ার জনপ্রিয়তা রোখা যায়নি। আমরা বলতে চাই, দেশনেত্রীকে জেলে রেখে বিএনপিকে দুর্বল করা যাবে না, জনগণের আন্দোলনকেও দুর্বল করা যাবে না।

“আগামী দিনে নির্বাচনের ফলাফলকেও পাল্টানো যাবে না।”

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য  শাহ মো. আবু জাফর, শ্রমিক দলের মুস্তাফিজুর রহমান, মনজুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।