২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুল বিশ্বাসকে আরও রিমান্ডে চায় পুলিশ

তিন দফায় ১৫ দিন হেফাজতে নিয়ে  জিজ্ঞাসাবাদ  শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 08:45 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন রেখে শিমুল বিশ্বাসকে আপাতত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পরপরই বকশীবাজারে বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

এরপর শাহবাগ থানার দুটি নাশকতার মামলায় তাকে পাঁচ দিন করে দশ দিন এবং রমনা থানার আরেক মামলায় আরও পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সেই রিমান্ডের মেয়াদ শেষে সোমবার শিমুল বিশ্বাসকে আদালতে হাজির করে গুলশান ও বংশাল থানার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন ও সাত দিন করে মোট ১৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

শিমুল বিশ্বাসের আইনজীবী নূরুজ্জামান তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মামলার মধ্যে গুলশান থানার নাশকতার মামলাটি ২০১৫ সালের। আর বংশাল থানার নাশকতার মামলাটি দায়ের করা হয়েছে চলতি মাসে। 

এসব মামলায় শিমুল বিশ্বাসের জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান এই আইনজীবী। 

পুরনো খবর:

শিমুল বিশ্বাস আরও ৫ দিনের রিমান্ডে
শিমুল বিশ্বাস ফের রিমান্ডে
শিমুল বিশ্বাস ও রাজীব ৫ দিনের রিমান্ডে