শিমুল বিশ্বাস ও রাজীব ৫ দিনের রিমান্ডে
দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস ও ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ ৩৯ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুলিশের রিমান্ড ও আসামিদের জামিন আবেদনের শুনানি করে ঢাকার দুইজন মহানগর হাকিম শুক্রবার সন্ধ্যায় এই আদেশ দেন।
এর মধ্যে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা এক মামলায় শিমুল বিশ্বাসকে পাঁচ দিন এবং ২৪ জনকে দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন মহানগর হাকিম সত্যব্রত শিকদার।
আর পল্টন থানার বিস্ফোরক আইনের এক মামলায় রাজীবকে পাঁচ দিন এবং আরও ১৩ জনকে এক দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন মহানগর হাকিম মাজহারুল ইসলাম।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের জন্য খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে কাকরাইল ও চানখারপুল এলাকায় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। রায়ের পর বকশীবাজারে আদালত এলাকা থেকে শিমুল বিশ্বাসকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নাজিমউদ্দিন সড়কে বিএনপিকর্মীরা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালে কয়েকজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নাজিমউদ্দিন সড়কে বিক্ষুব্ধ বিএনপিকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ।
এর প্রতিবাদে ছাত্রদল নেতাকর্মীরা বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে আটক করে পুলিশ।
শুক্রবার আসামিদের আদালতে হাজির করে চানখারপুলের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানার মামলায় শিমুল বিশ্বাসকে ১০ দিন এবং আরও ৩২ জনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়।
শুনানি শেষে বিচারক আট নারী আসামির জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আর শিমুল বিশ্বাসকে পাঁচ দিন এবং বাকি ২৪ জনকে দুই দিনের রিমান্ডে পাঠান।
অন্যদিকে পল্টন থানার মামলায় রাজীবসহ ১৪ জনকে দশ দিনের রিমান্ডে চায় পুলিশ। আসামিপক্ষে জামিন আবেদনও করা হয়।
শুনানি শেষে বিচারক রাজীবকে পাঁচদিন এবং বাকিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
