অবিচারে মুজিবকেও জেলে যেতে হয়েছিল: আত্মপক্ষ সমর্থনে খালেদা
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনের চতুর্থ দিনে খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে বিচারকরা স্বাধীনভাবে আইন মেনে বিচার করতে পারেন কি না, এ মামলার রায়েই তার প্রমাণ আসবে।
ঢাকার বকশীবাজারে বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে প্রায় দেড় ঘণ্টার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, ক্ষমতাসীনরা চায়, তার বিরুদ্ধে ‘অন্তত একটি মামলায় রায়’ যেন দেওয়া হয়।
“আমি বিশ্বাস করতে চাই, আপনি দলীয় প্রভাবমুক্ত থেকে রায় দেবেন,” বিচারকের উদ্দেশে বলেন খালেদা।
বিএনপি নেত্রীর অন্যতম আইনজীবী নুরুজ্জামান তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি আত্মপক্ষ সমর্থনে বলেছেন, বাংলাদেশে বিচারের নামে অবিচার হয়। অবিচার হয় বলেই এ দেশের অবিসংবাদিত নেতা মরহুম শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী ও সোহরাওয়ার্দীকেও জেলে যেতে হয়েছিল।
“তিনি বলেছেন, এ মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হবে, বিচারকগণ স্বাধীনভাবে বিবেকশাসিত হয়ে আইনসম্মতভাবে বিচারকার্য পরিচালনা করতে সক্ষম কি না?”
চতুর্থ দিনেও নিজের বক্তব্য শেষ না করে খালেদা জিয়া পরবর্তী দিন বাকি বক্তব্য উপস্থাপনের ইচ্ছা প্রকাশ করলে বিচারক মো. আখতারুজ্জামান ১৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট মামলাও ওই দিন একই আদালতে শুনানির জন্য উঠবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলায় আত্মপক্ষ সমর্থন করে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন গত ১৯ অক্টোবর।
সেদিন তিনি দাবি করেন, জিয়া এতিমখানা ট্রাস্টে এতিমদের জন্য আসা একটি টাকাও তছরুপ বা অপচয় করা হয়নি, তা ব্যাংকে গচ্ছিত রয়েছে। এরপর ২৬ অক্টোবর আত্মপক্ষ সমর্থনের দ্বিতীয় দিনে তিনি বলেন, তার বিরুদ্ধে এ মামলা ‘ভুয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
২ নভেম্বর আত্মপক্ষ সমর্থন করে তৃতীয় দিনে খালেদা বলেন, রাজনৈতিক অঙ্গন থেকে তাকে ‘সরাতে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার নীলনকশা’ বাস্তবায়ন করছে ক্ষমতাসীনরা।
আর বৃহস্পতিবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু, চিত্তরঞ্জন দাশ, জওহরলাল নেহরু, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিংয়ের মতো নেতাদের নাম তুলে ধরেন, যাদের ‘অবিচারের মাধ্যমে’ কারাগারে পাঠানো হয়েছিল।
“তথাকথিত সেসব রায়ের পেছনে যুক্তি, অজুহাত ও আইন দেখানো হয়। হযরত ইমাম আবু হানিফা (র.) ও সক্রেটিসের মতো মহামানবদেরও বিচারের নামে সাজা দেওয়া হয়। এসব বিচারকে কি বিশ্ববাসী ন্যায়বিচার বলে মেনে নিয়েছে?”
খালেদা বলেন, “ইতিহাস এসব রায়ে কী দেখেছে? অপরাধী হিসেবে তাদের সাজা দেওয়া হয়। কিন্তু ইতিহাস তাদের দিয়েছে গৌরব, মহিমা। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়, আবার কেউ নেয় না। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়, মানুষ তাদের সম্মানিত করে। আর যারা শিক্ষা নেয় না, তাদের ঠাঁই হয় ইতিহাসের আস্তাকুঁড়ে।”
অতীতে জিয়া পরিবারের সঙ্গে বৈরী আচরণ করা হয়েছে বলেও শুনানিতে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, “আমার ও শহীদ জিয়াউর রহমানের পরিবারের ওপর শেখ হাসিনা যে বৈরী আচরণ করেছেন, তার জন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি। প্রতিহিংসার আচরণ আমি করব না।”
বর্তমান সরকারের লোকজন নানারকম দুর্নীতি জড়ালেও তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের প্রসঙ্গ টেনে খালেদা বলেন, “ফখরুদ্দীন (২০০৭-২০০৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদ) ও মঈনুদ্দিনের (তখনকার সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ) সঙ্গে শেখ হাসিনা আঁতাত করলেও তারা তাকে ছেড়ে দেয়নি। আমি কখনো তাদের সঙ্গে আপস করিনি।”
বৃহস্পতিবার শুনানির শুরুতে জিয়া এতিমখানা ও দাতব্য ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল এর বিরোধিতা করেন।
শুনানি শেষে বিচারক স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং ১৬ নভেম্বর পর্যন্ত খালেদাকে জামিন দেন।
বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আব্দুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, আফরোজা আব্বাস, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খায়রুল কবির খোকন আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়া উদ্দিন জিয়া, জয়নুল আবেদীন মেজবাহ, এম হেলাল উদ্দিন প্রমুখ।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন।
তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরু করেন।
