২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসায় পৌঁছেছেন খালেদা

ঘটনাবহুল কক্সবাজার সফর শেষে ঢাকায় নিজের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 08:59 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়ি গুলশানে তার বাসা ‘ফিরোজা‘য় ঢোকে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের ‍উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহসহ কয়েকজন নেতা দলীয় নেত্রীর সঙ্গে ছিলেন।

আমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম বাসায় পৌঁছেছেন নিরাপদেই।”

দুপুরে চট্টগ্রাম থেকে গাড়িবহর নিয়ে সড়ক পথে রওনা হয়েছিলেন খালেদা জিয়া। বিকালে ফেনী অতিক্রমের সময় মহিপালে দুটি বাসে আগুন দেওয়া হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তখন বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছিল।

ফেনীর বিএনপি নেতারা অভিযোগ করেছেন, খালেদা জিয়ার যাত্রায় বিঘ্ন ঘটাতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাই এই কাজ করেছেন।

তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তা অস্বীকার করেছেন।

গত শনিবার ঢাকা থেকে যাওয়ার পথেও ফেনীতেই হামলার মুখে পড়েছিল খালেদার গাড়িবহর। দুটি ঘটনাই ঘটেছিল খালেদা জিয়ার গাড়ি অতিক্রমের পর।

শনিবারের হামলায় বহরে থাকা গণমাধ্যমের গাড়ি আক্রান্ত হয়, মারধরের শিকার হয়েছিলেন কয়েকজন সাংবাদিক।

খালেদা জিয়া এই হামলার জন্য সরকারি দলকে দায়ী করে বলেছেন, এভাবে আরও গণবিচ্ছিন্ন হচ্ছে আওয়ামী লীগ।

অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, উসকানি দিয়ে গোলযোগ সৃষ্টি করতেই সড়ক পথে এই সফর করেছেন খালেদা।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ দিতে চার দিনের এই সফর করেন খালেদা জিয়া। চট্টগ্রাম এবং কক্সবাজার সার্কিট হাউজে যাত্রাবিরতি করে সোমবার উখিয়ার ময়নার গোনা, হাকিমপাড়া ও বালুখালী শিবিরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে রোহিঙ্গাদের জন্য ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রী স্থানীয় সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়। এছাড়া বালুখালীতে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) স্থাপিত মেডিকেল ক্যাম্পে দেওয়া হয় শিশুখাদ্য ও প্রসূতি নারীদের ওষুধ সামগ্রী।

 

পুরনো খবর:

ফেনীতে হামলা, খালেদার বহরের গাড়ি ভাংচুর
রোহিঙ্গা সঙ্কটের সমাধান রিলিফে হবে না: খালেদা
খালেদার বহর ফেরার পথে বাসে আগুন, বোমাবাজি