রোহিঙ্গা নিয়ে প্রধানমন্ত্রীর ‘ব্যর্থতা’ দেখছেন মান্না
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারের পদক্ষেপ দেশে-বিদেশে প্রশংসিত হলেও এক্ষেত্রে ‘ব্যর্থতা’ দেখছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
‘রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা: মানবাধিকারের চরম অবনতি ও সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায় নীরব কেন’ শিরোনামে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ সমালোচনা করেন তিনি।
আওয়ামী লীগের সাবেক নেতা মান্না বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলেও রোহিঙ্গারা এভাবে বিতাড়িত হয়ে এসেছিল, তারা তো এই সমস্যা সামাল দিয়েছিলেন। আপনি (প্রধানমন্ত্রী) পারলেন না কেন?
“আপনার ঘুম ভাঙল না, আপনার পররাষ্ট্রমন্ত্রীর ঘুম ভাঙল না। চীন, ভারত, রাশিয়া যারা রোহিঙ্গা ইস্যুতে ম্যাটার করে তারা সবাই আমাদের বিপক্ষে।”
মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত আড়াই সপ্তাহে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। নৃশংসতার মুখে ঘর-বাড়ি ছেলে পালিয়ে আসা এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোয় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছে।
আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে সতর্ক করে সংকট কাটাতে প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশ সফরের পরামর্শ দিয়েছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
আলোচনা সভায় তিনি বলেন, “ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এখন থেকে আমাদের এই সংকট নিরসনে উদ্যোগী হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের ওপর চাপ দিতে বিভিন্ন দেশে নিজে সফর করে কথা বলুন।
“কারণ একাত্তর সালে বাংলাদেশের এক কোটি শরণার্থী যখন ভারতে আশ্রয় নিয়েছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশে গিয়ে সাহায্য-সহযোগিতা নিয়ে এসেছিলেন, পরিস্থিতি ব্যাখ্যা করেছিলেন।”
অধ্যাপক বি চৌধুরী বলেন, “রোহিঙ্গারা আজ স্টেটলেস কমিউনিটিতে পরিণত হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির কাছ থেকে আমরা এরকমটি প্রত্যাশা করিনি।”
বিএনপি নেতাদের ত্রাণ নিয়ে উখিয়ায় যেতে না দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “এর ব্যাখ্যা প্রধানমন্ত্রী ও সরকারের দেওয়া উচিৎ। আজ বিরোধী দলের নেতা ত্রাণ নিয়ে যাচ্ছেন, তার সঙ্গে কী ব্যবহার করেন তা দেখব। বিএনপিকে ত্রাণ দিতে না দিয়ে সঠিক কাজ করেনি প্রশাসন।”
প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় মানবাধিকার আন্দোলন নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুকমল বড়ুয়া, যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্তা প্রমুখ বক্তব্য রাখেন।
