তারেকের কারামুক্তি দিবসের আলোচনা ১৩ সেপ্টেম্বর
ঈদের ছুটির কারণে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর বিকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা করবে বিএনপি।
সোমবার সকালে এক সংবাদ ব্রিফিঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ঈদুল আজহার ছুটি থাকলেও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস গতকাল সারাদেশে নেতাকর্মীরা পালন করেছে। সারাদেশে পোস্টারও প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমে ঈদের ছুটি থাকায় আগামীকাল বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হবে।
“আগামী ১৩ সেপ্টেম্বর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কারামুক্তি দিবসের আলোচনা সভা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।”
গত ৩ সেপ্টেম্বর ছিলো তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন যেতে উচ্চতর আদালত থেকে জামিন পান তারেক রহমান।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “ঈদ উৎসবকে ঘিরে ক্ষমতাসীন গোষ্ঠির লোকেরা চালিয়েছে বন্য উৎসব। ক্ষমতাসীন দলের প্রধান থেকে শুরু করে অন্যান্য নেতারা দলের চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অন্তহীন পরনিন্দায় মুখর থেকেছেন।
“ঈদের মানুষের উৎসবের আনন্দকে ক্ষমতাসীনরা নানাভাবে ম্লান করে দিয়েছে। তারা যে ম্লান করে দিয়েছে, দেশে রাজনীতিতে বিভাজন সৃষ্টি করেছে, তারা যে দেয়াল সৃষ্টি করেছে, এখানে বিরোধী দলের উৎসবে অংশগ্রহণ করাও যেন অধিকার নেই। এটাই তাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করতে দেশব্যাপী তারা চালিয়েছে তাণ্ডব।”
গত ১ সেপ্টেম্বর পিরোজপুরের কাউখালী উপজেলায় বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় হামলা, ৩ সেপ্টেম্বর খুলনার রূপসায় দলের নেতাকর্মীদের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান পণ্ড ও নাটোরের নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের পাটুল গ্রামে বানভাসী মানুষের মধ্যে দলের ত্রাণ বিতরণে ক্ষমতাসীনদের হামলার ঘটনার নিন্দা জানান রিজভী।
সংবাদ ব্রিফিঙে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
