২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণের আহ্বান সিপিবির

মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 01:23 AM

Updated : 19 Aug 2022, 05:27 PM

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “রোহিঙ্গাদের ওপর অমানবিক হামলা ও বর্বর নির্যাতনে লাখ লাখ মানুষের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও তার মারাত্মক প্রভাব পড়ছে বাংলাদেশের উপর। জীবন বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। তাদের প্রতি মানবিক আচরণ করা আমাদের সকলের প্রাথমিক কর্তব্য।

“কিন্তু এর ফলে বাংলাদেশের অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে ও পড়বে। এই সমস্যার সমাধান মিয়ানমার সরকারকেই করতে হবে। এ বিষয়ে জাতিসংঘের উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালানো এবং অন্যান্য ব্যাবস্থা গ্রহণে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই।”

গত ২৪ অগাস্ট রাতে মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ওই রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই রাতের পর থেকে এ পর্যন্ত ১০৪ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

আরও সহিংসতার আশঙ্কায় হাজার হাজার রোহিঙ্গা নাফ নদী ও স্থল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সীমান্ত রক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে।