২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্গতদের চোখের পানি আর বানের পানি এক হচ্ছে’

বন্যা দুর্গতদের জন্য সরকারের ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় অভিযোগ করে এ বিষয়ে আরও উদ্যোগী হওয়ার দাবি জানিয়েছেন বামপন্থি দলগুলোর নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 11:16 PM

Updated : 11 Oct 2022, 02:25 PM

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, বন্যা দুর্গত এলাকায় মানুষের ‘হাহাকার, আশ্রয়হীন দশা’ আর ত্রাণ তৎপরতার নামে লুটপাট চলছে।

সরকারের সমালোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “মানুষের চোখের পানি আর বানের পানি এক হয়ে গেছে, আর আপনারা সারা দেশটাকে দুর্নীতিতে ভাসিয়ে দিয়েছেন।”

তিনি বলেন, “দেশের ৬০/৬৫ লাখ মানুষ বন্যাতে ভাসছে। সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে মাত্র চার/পাঁচ টাকা জনপ্রতি বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, বন্যায় যে ক্ষয়ক্ষতি, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে? নাকি দুর্গত মানুষের সাথে তামাশা করছেন।”

সরকার বন্যা নিয়ে সত্য তথ্য দিচ্ছে না অভিযোগ করে সাইফুল হক বলেন, “আমাদের নেতাকর্মীরা ত্রাণ উঠাতে গেলে এবং বিতরণে গেলে সরকারের লোকেরা আক্রমণ করছেন। মামলা দিচ্ছেন, গ্রেপ্তার করা হচ্ছে। বন্যা হয়েছে সেটা স্বীকারও করতে চান না। সত্য কথা বলাটা এখন মহাবিপদ।

“প্রধান বিচারপতি, উচ্চ আদালত সত্য কথার ১০ ভাগের এক ভাগ মাত্র বলেছেন। সেটা বলে উনি কী বিপদেই না পড়েছেন! আজকাল এমন একটা যুগে অবস্থান করছি সত্য বলাটা খুবই বিপদজনক।”

সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার যৌথ আয়োজনে এ সমাবেশে অন্যদের মধ্যে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী) নেতা জহিরুল ইসলাম, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের নেতা আবুল হাসান রুবেল প্রমুখ বক্তব্য দেন।

কোরবানির ঈদের আগে সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে পোশাক কারখানাসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে মালিকদের প্রতি আহ্বান জানান বামপন্থি নেতারা।