২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিককে ‘জুতা দান’ হচ্ছে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা কই: মান্না

শাহবাগে পুলিশের টিয়ারশেলে চোখ হারাতে বসা কলেজছাত্র সিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য ভারত পাঠানো এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতিকে ‘গরু মেরে জুতো দান’ বলছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 12:31 AM

Updated : 11 Oct 2022, 02:21 PM

পুরনো খবর:

সিদ্দিকুরের চাকরির দায়িত্ব নেবে সরকার

ওই ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের এখনও বিচারের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মান্না বলেন, “তুচ্ছ কারণে আক্রমণ করে তার (সিদ্দিকুর) চোখ নষ্ট করে চিকিৎসার জন্য ভারত পাঠিয়ে আর চাকরি দেওয়ার কথা বলে উল্টো এখন তাকে জুতা দান করা হচ্ছে।

“ভিডিওতে স্পষ্ট দেখা গেলেও দায়ী পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

পরীক্ষার সময়সূচির দাবিতে গত ২০ জুলাই শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ। তখন সিদ্দিকুরের চোখে টিয়ার শেলের আঘাত লাগে।

সিদ্দিকুরের চোখে টিয়ার শেল

আহত সিদ্দিকুরের চোখে প্রথম অস্ত্রোপচার হয় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা প্রথমে জানিয়েছিলেন, তার দুই চোখে আর আলো ফিরবে না।

পরে অবশ্য চিকিৎসকরা জানান, তার একটি চোখ পুরোপুরি নষ্ট হলেও অন্য চোখে কিছুটা দেখতে পান।

এখন সরকারি খরচে ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে তার চিকিৎসা চলছে। সিদ্দিকুর  দৃষ্টিশক্তি ফিরে না পেলেও সরকার তার চাকরির ব্যবস্থা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ওই ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটি কমিটি করা হলেও এখনও কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানানো হয়নি।

বক্তব্যে পুলিশের সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের সদস্যদের ‘অরাজকতা’ না ঠেকিয়ে পুলিশ উল্টো তাদের রক্ষাকারী হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বিএনপি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ‘দ্বিদলীয় ব্যবস্থা’ থেকে বেরিয়ে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে অন্যদের মধ্যে জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য জগলুল হায়দার আফ্রিক এবং জনদলের চেয়ারপারসন এস এম শাহজাহান বক্তব্য দেন।