২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী নেতা-কর্মীদের হত্যার মিশনে সরকার: খালেদা

খুলনায় দলীয় নেতা সরদার আলাউদ্দিন মিঠু খুনের নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার বিরোধী নেতা-কর্মীদের হত্যার ‘মিশনে’ নেমেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2017, 11:54 AM

Updated : 19 Aug 2022, 04:42 PM

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মিঠুকে বৃহস্পতিবার রাতে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার এক সহযোগীও নিহত হন ওই হামলায়।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, “এই হত্যাকাণ্ড কাপুরুষোচিত। দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন গোরস্তানে পরিণত করা হয়েছে।”

বিএনপির বলিষ্ঠ নেতা-কর্মীদের বেছে বেছে হত্যা করা  হচ্ছে দাবি করে খালেদা বলেন, “মিঠুকে নির্মম কায়দায় হত্যা সরকারের ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতারই আরেকটি বহিঃপ্রকাশ।”

বিরোধীদের মুখ বন্ধ রাখতে ভয় ধরাতেই মিঠুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সরকারকে হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপারসন বলেন, “রক্তপাত ঘটিয়ে জীবন কেড়ে নিয়ে ভীতির সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণ আর বসে থাকবে না, দুঃশাসন মোকাবেলায় অব্যাহত রক্তপাতের কর্মসূচিকে সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করবে।”