২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেচারা ফখরুল, তাকে দিয়ে ‘খারাপ কথা’ বলানো হয়: কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে ‘খারাপ কথা’ বলানো হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 07:40 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: বিএনপি
হেরে যাওয়ার ভয় থেকেই ছলছুতায় বিএনপি: কাদের

তিনি বলেন, “প্রতিদিনই ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বেচারা কী করবে,সে হয়ত খারাপ কথা বলতে চায় না, কিন্তু তাকে দিয়ে বলানো হয়।

“প্রতিদিনই তোতা পাখির মত বুলি আওড়ানো, একই কথা বারবার বানিয়ে বানিয়ে। কাজেই আমাকে কঠিন সত্যগুলো বলতে হচ্ছে।”

শুক্রবার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্যে এসব বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির মুখে গণতন্ত্রের বুলি ‘বছরের সেরা তামাশা’ বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

‘দেশে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ‘জনগণের সঙ্গে প্রতারণা’ বলে মির্জা ফখরুলের প্রতিক্রিয়ার সমালোচনা করে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “তারা (বিএনপি) বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারের রক্ত স্রোতের উপর দাঁড়িয়ে কারফিউ গণতন্ত্র চালু করেছে।

“কারফিউ গণতন্ত্র থেকে যে সর্বশেষ উত্তরণ- গাড়িচালকরা এর নির্মম শিকার।তারপর গণতন্ত্রের উত্থানের নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে গণতন্ত্র তারা চালু করেছে।”

শতাধিক দেশের পার্লামেন্ট সদস্যদের অংশগ্রহণে ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সারাবিশ্বের স্বীকৃতি পেয়েছে বলে দাবি করেন কাদের।

“বিশ্বের ১৩২টি গণতান্ত্রিক দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগদান করেছে। এটা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সারাবিশ্বের স্বীকৃতি।আর কী প্রমাণ থাকতে পারে? বাংলাদেশে গণতন্ত্র না থাকলে এতগুলো দেশের পার্লামেন্টের স্পিকার, ডেপুটি স্পিকার আন্তর্জাতিক সম্মেলন করে গেলেন?”

ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিএনপি নেতাদের দুর্নীতির অভিযোগের সমালোচনা করে সরকারের এই মন্ত্রী বলেন, “তারা আবার দুর্নীতির কথাও বলতে শুরু করেছে। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন, তাদের মুখে দুর্নীতির অপবাদ- ভুতের মুখে রাম রাম বুলি ছাড়া আর কিছু নয়।”

তারই সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতীতে দেশে দুর্নীতি করে আওয়ামী লীগ নয়, বিএনপি পালিয়েছে।

গত শনিবার চট্টগ্রামে দলের এক সভায় নেতাকর্মীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এখন তারা যে টাকা-পয়সা রোজগার করছেন, তা নিয়ে তাদের পালাতে হবে।

তার ওই বক্তব্য তুলে ধরে বিএনপি নেতারা বলছেন, ক্ষমতাসীনরা এত বেশি লুটপাট করছেন যে তারা এখনই পালানোর কথা ভাবতে শুরু করেছেন।

এর জবাবে খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, “নয় বছর ধরে টেমস নদীর পাড়ে কে আছেন পলাতক? কী জন্য? অর্থপাচারের অভিযোগে।আরেক জনের কথা বলতে চাই না। তিনি মৃত্যুবরণ করেছেন, মানি লন্ডারিং সিঙ্গাপুরের কোর্টে ধরা পড়েছে।সেই টাকা বাজেয়াপ্ত হয়েছে, সে কথা কি তারা ভুলে গেছেন?”

এ প্রসঙ্গে প্রায় এক দশক ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা হারিস ‍চৌধুরী এবং কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাদেক হোসেন খোকার কথা বলেন তিনি।

চারদলীয় জোট সরকার আমলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর আত্মগোপনে চলে যান। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে।

ঢাকার সাবেক মেয়র ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে যান। এরপর আর দেশে ফেরেননি তিনি। সেখানে তার ক্যান্সারের চিকিৎসা চলছে বলে এই বিএনপি নেতা জানিয়েছেন।

অন্যদের মধ্যে বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান এবং ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।